পাবনার বেড়া উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দয়ালনগর বন্ধুসভার উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ, বিতরণ ও বৃক্ষমেলা শুরু হয়েছে। ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ এই প্রতিপাদ্যে বিকে ফাউন্ডেশনের সহযোগিতায় ২ জুলাই থেকে স্থানীয় স্কিলস একাডেমি বিডি প্রাঙ্গণে এ কর্মসূচি চলছে।
উদ্বোধন ও অতিথি
সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বিকে ফাউন্ডেশন চেয়ারম্যান এম এ বাতেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুকৃষির পরিচালক এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিশেষজ্ঞ পিকেএসএফের পরামর্শক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাসেল উদ্দিন, বেড়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, কাজীরহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্নু উদ্দিন।
অতিথিরা বলেন, ‘গ্রামাঞ্চলে এই মেলা শিক্ষার্থীদের মধ্যে প্রভাব পড়বে। তারা বিভিন্ন প্রজাতির বৃক্ষের সঙ্গে পরিচিত হতে পারবে।’ প্রধান অতিথি বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন গাছের ও ফলের গুণাগুণ সম্পর্কে বলেন।
বৃক্ষমেলার উদ্দেশ্য
দয়ালনগর বন্ধুসভার উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু সায়েম প্রামাণিক বলেন, ‘প্রত্যন্ত এই এলাকায় এবারই প্রথম বৃক্ষমেলার আয়োজন। এর উদ্দেশ্য, স্থানীয় শিক্ষার্থীরা বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে পরিচিত হতে পারবে, গুণাবলি জানতে পারবে। এখন থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে এ কর্মসূচির আয়োজন করা হবে।’
মেলায় আগত শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা পেয়ে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ কাজ করে। গাছ পেয়ে কাজীরহাট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আয়শা বলে, ‘গাছের চারা নিজের হাতে লাগাব এবং যত্ন করব। গাছে ফল এলে আমরা নিজেরা খাব এবং প্রতিবেশী ও বন্ধুদের দেব।’
দয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফামিদ বলে, ‘গাছ আমি আমার বিদ্যালয়ে লাগাব। গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ফল ও কাঠ বিক্রি করে টাকা আয়ও করতে পারব।’
বিতরণ ও রোপণ পরিকল্পনা
আয়োজকেরা জানান, বেড়া উপজেলার আমিনপুর থানাধীন মাশুন্দিয়া ইউনিয়ন, রূপপুর ইউনিয়ন ও ঢালারচর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সড়কের দুই পাশে এবং শিক্ষার্থীদের মধ্যে পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার বৃক্ষ বিতরণ ও রোপণ করা হবে। বিশেষ করে চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান এবং সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বেশি করে বৃক্ষ বিতরণ করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দয়ালনগর বন্ধুসভার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার টুটুল প্রামাণিক, সদস্যসচিব আনিছুর রহমান ফারুক, সদস্য সাইদুর রহমান খান, মেহেদী হাসান, ইঞ্জিনিয়ার কাজি ইব্রাহিম, হিমেল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



