পদ্মার দুই ইলিশের দাম ১৬ হাজার টাকা, কিনলেন সৌদি প্রবাসী
পদ্মার দুই ইলিশের দাম ১৬ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া বড় আকৃতির দুইটি ইলিশ মাছ উন্মুক্ত নিলামে মোট ১৫ হাজার ৯২০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় এ নিলাম অনুষ্ঠিত হয়।

মাছ দুটির ওজন ও দাম

ধরা পড়া ইলিশ দুটির মধ্যে বড়টির ওজন ২ কেজি এবং ছোটটির ওজন ১ কেজি ৬০০ গ্রাম। বড় ইলিশটি ৯ হাজার ২০০ টাকায় এবং ছোটটি ৬ হাজার ৭২০ টাকায় বিক্রি হয়েছে। সৌদি আরব প্রবাসী টাঙ্গাইলের এক বাসিন্দা অনলাইনে যোগাযোগ করে মাছ দুটি ক্রয় করেন।

জালে ধরা পড়ার বিবরণ

মঙ্গলবার ভোরে পদ্মা নদীর দৌলতদিয়ার কুশাহাটা এলাকায় জেলে সাগর হালদার ও দেলোয়ার হালদার সহযোগীদের নিয়ে জাল ফেলেন। সকালে জাল তোলার পর দেখা যায়, সাগর হালদারের জালে ২ কেজি ওজনের একটি বড় রুপালি ইলিশ এবং দেলোয়ার হালদারের জালে ১ কেজি ৬০০ গ্রাম ওজনের আরেকটি ইলিশ ধরা পড়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিলামে বিক্রয় প্রক্রিয়া

মাছ দুটি দৌলতদিয়া ঘাটের দেলোয়ারের মৎস্য আড়তে এনে উন্মুক্ত নিলামে তোলা হয়। সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বড় ইলিশটি ৪ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার টাকায় এবং ছোট ইলিশটি ৪ হাজার টাকা কেজি দরে মোট ৬ হাজার ৪০০ টাকায় কিনে নেন।

সম্রাট শাজাহান শেখ জানান, তিনি মাছ দুটি ফেসবুকে ছবি আপলোড করলে সৌদি আরব প্রবাসী টাঙ্গাইলের এক ব্যক্তি যোগাযোগ করেন। পরে তিনি বড় ইলিশটি ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে ৯ হাজার ২০০ টাকায় এবং ছোটটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে ৬ হাজার ৭২০ টাকায় বিক্রি করেন। মাছ দুটি বিশেষ ব্যবস্থায় টাঙ্গাইলে ক্রেতার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৎস্য কর্মকর্তার মন্তব্য

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন যুগান্তরকে জানান, এ ধরনের বড় ইলিশ সচরাচর দেখা যায় না, তাই ক্রেতারা দামের দিকে না তাকিয়ে কিনে নেন। তবে তিনি মন্তব্য করেন, ইলিশ দুটি সর্বোচ্চ ২ হাজার থেকে আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রি হলে তা নায্য দাম হতো। ৪ হাজার বা সাড়ে ৪ হাজার টাকা কেজি দাম অস্বাভাবিক বলে তিনি উল্লেখ করেন।