২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের কামারখন্দে জৈব সারের পরিবর্তে পলিথিন মেশানো মাটি ও ময়লা-আবর্জনা বিতরণের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ জুন) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির সদস্য ও দায়িত্ব
কমিটির অন্য সদস্যরা হলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) আনোয়ার সাদাত এবং সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মেরাজ হোসেন মিসবাহ। জেলা প্রশাসন কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
ঘটনার সূত্রপাত
এর আগে বুধবার ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ’ শিরোনামে দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই দ্রুত তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।
কর্মকর্তাদের বক্তব্য
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, “জৈব সারের পরিবর্তে পলিথিন মেশানো মাটি ও ময়লা-আবর্জনা বিতরণের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, “আমরা কৃষি মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছিলাম। মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়। বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”
সার বিতরণ বন্ধ ও কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা
জেলা প্রশাসক আরও জানান, “সারের বিতরণ আপাতত বন্ধ রাখা হয়েছে এবং যে কোম্পানি থেকে সার কেনা হয়েছে, তাদের টাকা দেওয়াও বন্ধ রাখা হয়েছে। তদন্ত শেষে ভালো মানের জৈব সার বিতরণ করা হবে। আইন অনুযায়ী ওই সারের কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”



