দেশের কৃষি-প্রক্রিয়াজাতকরণ, রিয়েল এস্টেট, বস্ত্র, উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে মোট ১,৫০৪ কোটি টাকার নতুন বহুমুখী বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান শেল্টেক্ গ্রুপ। প্রতিষ্ঠানটির এই বিশাল বিনিয়োগ পুরোপুরি বাস্তবায়িত হলে দেশে প্রায় ৪৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, যার একটি বড় অংশই চুক্তিভিত্তিক কৃষিকাজের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখবে।
বিনিয়োগের উৎস ও পরিকল্পনা
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই নির্ভরযোগ্য শিল্পগোষ্ঠীটি দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট, প্রিমিয়াম টাইলস, টেক্সটাইল ও হসপিটালিটিসহ বিভিন্ন সেবাখাতে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। গ্রুপটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই বিনিয়োগের একটি বড় অংশ নিজস্ব অর্থায়নে এবং বাকি অংশ যৌথ উদ্যোগ, ব্যাংক ঋণ ও বৈদেশিক অর্থায়নের মাধ্যমে বাস্তবায়িত হবে।
শেল্টেক্ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, “আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে সামনে রেখে প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণ করছে। তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিল্প উৎপাদন, রফতানি আয় ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।”
কৃষি ও রফতানিতে বড় উদ্যোগ
কৃষি-প্রক্রিয়াজাতকরণ খাতে গ্রুপটির স্পেনীয় যৌথ উদ্যোগ স্পেন বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডে ইতোমধ্যে প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে এবং সেখান থেকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পণ্য রফতানিও চলছে।
এই প্রকল্পের আওতায় প্রায় ৪০ হাজার কৃষককে চুক্তিভিত্তিক চাষাবাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। পূর্ণ সক্ষমতায় পরিচালিত হলে প্রকল্পটি থেকে বছরে প্রায় ২,৪৪০ কোটি টাকার রপ্তানি আয় অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রিয়েল এস্টেটে নতুন সম্প্রসারণ
রিয়েল এস্টেট খাতে বনশ্রী এলাকায় শেল্টেক্ লিগ্যাসি প্লাজা নামে ১৭ তলা আধুনিক শপিং কমপ্লেক্স নির্মাণে ৫৭৫ কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রায় দুই লাখ বর্গফুট বাণিজ্যিক স্পেস নিয়ে নির্মিতব্য এই ভবনটি আন্তর্জাতিক মানের এলইইডি সনদপ্রাপ্ত গ্রিন বিল্ডিং হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এছাড়া জলসিঁড়ি আবাসন এলাকায় যৌথ উদ্যোগে ২৬৫ কোটি টাকা বিনিয়োগে ২১টি আবাসন প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে।
উৎপাদন ও বস্ত্র শিল্পে সক্ষমতা বৃদ্ধি
সিলেটে দেশের একমাত্র অ্যাব্রেসিভ পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রাইন্ডটেক লিমিটেডে ৮৫ কোটি টাকার বিনিয়োগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
অপরদিকে বস্ত্র খাতে ব্লেন্ডেড সুতার উৎপাদন সক্ষমতা বাড়াতে এনভয় টেক্সটাইলস লিমিটেড প্রায় ১৭৯ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। ২০২৭ সালের মধ্যে এই সম্প্রসারণ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ
কার্বন নিঃসরণ কমানো এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শেল্টেক্ গ্রুপ তাদের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এই উদ্যোগ প্রতিষ্ঠানটির টেকসই উন্নয়ন কৌশলের অংশ হিসেবে বাস্তবায়িত হবে।
উল্লেখ্য, বর্তমানে শেল্টেক্ গ্রুপের বার্ষিক টার্নওভার প্রায় ৬,৭০০ কোটি টাকা। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রকল্পগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে ২০৩০ সালের মধ্যে এই বার্ষিক টার্নওভার ৯,২০০ কোটি টাকায় উন্নীত হবে। শেল্টেক্ গ্রুপের এই বহুমুখী বিনিয়োগ পরিকল্পনা শুধু শিল্প খাতেই নয়, দেশের কৃষি, রফতানি এবং টেকসই গ্রিন ডেভেলপমেন্টের পথকে আরও শক্তিশালী করবে।



