খালখনন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প: প্রতিমন্ত্রী খৈয়ম
খালখনন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প: খৈয়ম

সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, খালখনন প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক একটি প্রকল্প। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। ওই প্রকল্পের অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আজ আমরা দুটি খাল খনন কাজের উদ্বোধন করলাম।

তিনি বলেন, এর মাধ্যমে কৃষকরা তাদের জমিতে সেচের জন্য পর্যাপ্ত পানি পাবে, পাট মৌসুমে খালের পানিতে পাট জাগ দিতে পারবে। এছাড়াও মাছ চাষসহ বিভিন্নভাবে খালের পানি তাদের উপকারে আসবে।

মঙ্গলবার বিকালে প্রকল্প দুটির উদ্বোধন শেষে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এসব কথা বলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রকল্পটি বুধবার (১৩ মে) একনেক সভার কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। আশা করছি একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্পটি অনুমোদন পাবে। পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের অপর মেগা প্রকল্পটিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। উভয় প্রকল্পের ব্যাপারেই মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে।

প্রকল্প দুটি বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সকল নদী ও জলাশয়ে সারা বছর পানি থাকবে; যা এ অঞ্চলের আর্থ-সামাজিক, কৃষি, শিল্প, যোগাযোগসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত করবে।

দুটি খালের বিবরণ

গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, খনন কাজের উদ্বোধন হওয়া খাল দুটির মধ্যে উজানচর ইউনিয়ন পরিষদের অন্তর্গত গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় হতে বিশ্বনাথপাড়া বেড়িবাঁধ অভিমুখী একটি। ১ দশমিক ৬৮০ কিলোমিটার দৈর্ঘ্যের এ খালটির খননে ব্যয় ধরা হয়েছে ২১ লাখ ৬৭ হাজার ১৭২ টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অপর খালটি হলো উজানচর হাবিল মণ্ডলপাড়া কালামের বাড়ি হতে ফৈজদ্দিন মাতুব্বরপাড়া সলিম মাতুব্বরের বাড়ি পর্যন্ত ০.৯৩০ কিলোমিটার। এ খালটির খননে ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ ৭ হাজার ৮৯০ টাকা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা

খনন কাজের উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন- রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনছারী, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাসসহ অন্য নেতারা।

খাল খনন উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী খালের আশপাশে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন।