আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (৮ মে) সকাল থেকে অনলাইন ও কাউন্টার উভয় মাধ্যমেই টিকিট বিক্রি চলছে।
টিকিট বিক্রির সময়সূচি
জানা গেছে, এবার ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। ফলে যাত্রীরা এখন থেকেই বিভিন্ন রুটের টিকিট সংগ্রহ করতে পারছেন।
শ্যামলী এন আর ট্রাভেলসের তথ্য
অগ্রিম টিকিট বিক্রি প্রসঙ্গে শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, শুক্রবার সকাল থেকেই তাদের সব রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট বিক্রি চলছে।
তিনি বলেন, সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ২৪ মে রাত, ২৫ মে সারাদিন এবং ২৬ মে সকালের যাত্রার টিকিটে। ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় ওই সময়ের টিকিটে চাপ তুলনামূলক বেশি। সকাল ১০টার মধ্যেই অনেক রুটের অধিকাংশ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে বলেও জানান তিনি।
ভাড়া নির্ধারণ
এদিকে, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। অনলাইন ও কাউন্টার উভয় ক্ষেত্রেই একই ভাড়া কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করা হবে।



