ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানী ঢাকায় লক্কড়ঝক্কড় ও ঝুঁকিপূর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করছে। বুধবার এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর এলাকায় নির্ধারিত 'ইকোনমিক লাইফ' অতিক্রান্ত গাড়ি না চালাতে মালিক ও চালকদের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
কেন এই সিদ্ধান্ত?
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ঢাকা মহানগরে কিছু লক্কড়ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী বাস এবং পণ্যবাহী যানবাহন চলাচল করছে। এসব যানবাহন প্রায়ই রাস্তা, উড়ালসড়ক ও সেতুর ওপর বিকল হয়ে মারাত্মক যানজট সৃষ্টি করছে। এর ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে এবং সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
কী কী ব্যবস্থা নেওয়া হবে?
ঢাকা মহানগর এলাকায় ইকোনমিক লাইফ অতিক্রান্ত লক্কড়ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী সব যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এই অভিযানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে কাজ করা হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, বাস ও মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারিত।
কঠোর আইনানুগ ব্যবস্থা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি কেউ ঢাকা মহানগর এলাকায় ইকোনমিক লাইফ পেরিয়ে যাওয়া লক্কড়ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহন চালায়, তাদের বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান চালানো হবে। এতে জরিমানা, যানবাহন ডাম্পিং-এ পাঠানোসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি এই অভিযানের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত ও যানজট কমাতে চায়। সংশ্লিষ্ট মালিক ও চালকদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।



