নওগাঁর নিয়ামতপুর এবং মহাদেবপুর উপজেলায় বজ্রাঘাতে দুই কৃষকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৬ মে) দুপুরে নিয়ামতপুরের চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে এবং হাজিনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিয়ামতপুরে বজ্রাঘাতে হতাহত
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় বজ্রাঘাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা। তবে তার নাম পরিচয় জানা যায়নি। এ ছাড়া চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে বজ্রাঘাতে অনুকূল চন্দ্র মোহন্ত নামে আরও একজন নিহত হন।’
মহাদেবপুরে কৃষকের মৃত্যু
মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, ‘উপজেলার খাজুর উনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে দিলীপ চন্দ্র বর্মন নামে এক কৃষক নিহত হন।’
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আকাশ মেঘলা থাকলেও হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় কৃষকরা মাঠে ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। বজ্রপাতের কারণে দ্রুত সরে যেতে না পারায় এ দুর্ঘটনা ঘটে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



