মেঘনায় রেণু চিংড়ি শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উৎকণ্ঠায় নববধূ
মেঘনায় রেণু চিংড়ি শিকারে গিয়ে যুবক নিখোঁজ

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে চিংড়ির রেণুপোনা শিকার করতে গিয়ে মো. স্বপন নামে এক তরুণ জেলে নিখোঁজ হয়েছেন। জালের রশিতে পা পেঁচিয়ে তিনি নদীতে তলিয়ে যান বলে জানা গেছে। এতে উৎকণ্ঠায় রয়েছেন তার নববধূ।

দুর্ঘটনার বিবরণ

সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার নবীগঞ্জ সংলগ্ন মেঘনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ স্বপন (২২) উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলি কাশেমের বাড়ির মো. বাবুলের ছেলে। মাত্র দুই সপ্তাহ আগে তিনি বিয়ে করেছিলেন। ঘরে তার নববধূ ও স্বজনদের অপেক্ষার প্রহর ভেঙে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।

ঘটনার সময়কার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে মই জাল দিয়ে চিংড়ি আহরণ করতে মেঘনা নদীর নবীগঞ্জ এলাকায় যান স্বপন। নদীতে জাল ফেলার পর সাঁতরে সেটি টানার একপর্যায়ে অসাবধানতাবশত তার পায়ের সঙ্গে মই জালের রশি পেঁচিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তিনি গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হন। কাছে থাকা অন্য জেলেরা তাৎক্ষণিক তাকে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার তৎপরতা

খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে স্বজন ও স্থানীয় জেলেরা নৌকা নিয়ে নদীতে তল্লাশি অব্যাহত রেখেছেন।

কমলনগর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিয়াজুল আমিন জানান, সংবাদ পাওয়ার পরপরই আমাদের উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে চাঁদপুর থেকে ডুবুরিদের একটি বিশেষ দল ইতোমধ্যে রওনা হয়েছে। তারা পৌঁছলে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

স্বজনদের আহাজারি

এদিকে নদীপাড়ে নিখোঁজ স্বপনের বাবা বাবুল মিয়াসহ স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা বারবার মূর্ছা যাচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বপনের সহপাঠী রাসেল, সোহেল ও মানছুর জানান, মাত্র কয়েক দিন আগে বিয়ে করা ওই যুবকের এমন আকস্মিক নিখোঁজের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উৎকণ্ঠায় রয়েছেন তার নববধূ। ঘটনার পর থেকে মেঘনা পাড়ে হাজারও মানুষ ভিড় করছেন।

পুলিশের বক্তব্য

কমলনগর থানার ওসি মো. ফরিদুল আলম জানান, নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা জেনেছি। উদ্ধার তৎপরতায় পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সার্বিক সহযোগিতা প্রদান করছে।