ফরিদপুরে পদ্মা নদীতে ট্রাক্টরসহ চালকের মরদেহ উদ্ধার
ফরিদপুরে ট্রাক্টরসহ চালকের মরদেহ উদ্ধার

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদী থেকে ট্রাক্টরসহ চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নদীর তীরবর্তী আমন ধানের জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে নদীতে পড়ে জয় বিশ্বাস (২০) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাট গ্রামের পদ্মা নদীর পাড় থেকে ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিচয় ও কর্মস্থল

নিহত জয় বিশ্বাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের গোলাম আলী বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয় বিশ্বাস বালুরঘাট গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ট্যাফে ট্রাক্টরের চালক হিসেবে কর্মরত ছিলেন। গত দুই দিন ধরে তিনি ওই ট্রাক্টর দিয়ে কৃষিজমি চাষের কাজ করছিলেন।

দুর্ঘটনার বিবরণ

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে পদ্মা নদীর তীরবর্তী একটি জমিতে চাষাবাদের সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে আটকা পড়েন জয়। ঘটনাস্থলে অন্য কেউ না থাকায় বিষয়টি রাতেই কেউ জানতে পারেনি। শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়রা নদীতে ট্রাক্টরের চাকা ও অন্যান্য অংশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং বেলা ১১টার দিকে চালক জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফায়ার সার্ভিস ও পুলিশের বক্তব্য

চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ট্রাক্টরটি নদীর পাড়ে আংশিক তলিয়ে গিয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুম চলে আসা অথবা নদীর পাড়ের মাটি ধসে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।