হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে আয়ান মুহাম্মদ (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকী।
এর আগে, আজ দুপুরে হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হকের ছেলে আয়ান মুহাম্মদ পুকুরে ডুবে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আয়ান পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর পুকুরের পানিতে ভাসতে দেখলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুতে পরিবার ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।



