সকালের ঝড়-বৃষ্টিতে উপড়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরের একটি রাধাচূড়া গাছ। মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা গাছটি কেটে সরিয়ে ফেলার কাজ করছেন।
প্রকৃতির বেহিসাবি আচরণ
মৌসুমি বায়ু দেশে প্রবেশের আগের এ সময়ে প্রকৃতির ‘বেহিসাবি’ আচরণ চোখে পড়ছে। আবহাওয়াবিদেরা মনে করেন, এটি এ সময়ের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কোথাও প্রচণ্ড গরম, আবার কোথাও ধুম বৃষ্টির পর কিছুটা শীতল পরিবেশ। প্রায় সাত দিন ধরে এই ভিন্নমুখী আচরণ বেশি চোখে পড়ছে।
গতকালের তাপপ্রবাহ ও বৃষ্টি
গতকাল সোমবার দক্ষিণের একাধিক এলাকায় তাপপ্রবাহ বয়ে যায়। আবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টি হয়। আজ বৃষ্টির পরিমাণ আরও বেশি। রাজধানীতে সকাল ছয়টা থেকে পরের ছয় ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বিভাগভিত্তিক বৃষ্টিপাত
আজ রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের নানা স্থানে সকাল থেকেই বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগ বাদ দিয়ে দেশের বাকি বিভাগগুলোর কিছু কিছু স্থানে বৃষ্টি হয়েছে। দক্ষিণে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ ফেনীতে ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, বিকেলের দিকে মেঘমালা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিকে সরে গিয়েছে। আজ বাকি সময় বৃষ্টি কম হতে পারে। তবে আগামীকাল ঢাকা, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু স্থানে বৃষ্টি হতে পারে।
রাজধানীর আবহাওয়া
আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। মাঝে দুবার রোদের মুখ দেখা গেলেও বিকেল পর্যন্ত মেঘলা আবহাওয়া বিরাজ করছে। আগামীকাল রাতে রাজধানীতে অনেকটা বৃষ্টি হতে পারে। পরশু বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, আজ তাপপ্রবাহ কমে যেতে পারে।
স্থানীয় মেঘ সৃষ্টি ও বৃষ্টি
এ সময়ের প্রকৃতির একটি বৈশিষ্ট্য হলো স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হওয়া এবং হঠাৎ করেই বৃষ্টি হওয়া, যার বিস্তৃতি তেমন থাকে না। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হওয়ায় দীর্ঘমেয়াদি পরিস্থিতি অনেক সময় বোঝা যায় না। তবে একটি অঞ্চলে মেঘলা থাকলেও অন্য অঞ্চলে তাপ থাকে, যা কয়েক দিন ধরে দেখা যাচ্ছে।



