অদম্য শাহীন: গরু পালনে দারিদ্র্য জয় করে সাফল্যের শিখরে
অদম্য শাহীন: গরু পালনে দারিদ্র্য জয় করে সাফল্য

২৫ বছর আগে দরিদ্র এক কৃষক পরিবারে বিয়ে হয়েছিল শাহীন আক্তারের (৪৩)। স্বামী ছিলেন বর্গা চাষি। তাঁদের কুঁড়েঘরে অভাব-অনটন লেগেই থাকত। দুই বেলা ঠিকমতো খাবার জুটত না। এর মধ্যে একে একে জন্ম নেয় তিন কন্যাসন্তান। শাহীনের দুশ্চিন্তা তখন আরও বেড়ে যায়। প্রতিবেশী ও স্বজনদের কাছ থেকে ধার নিয়ে স্বামী আবু সুফিয়ানকে সৌদি আরবে পাঠান। সেখানে ঠিকমতো কাজ জুটছিল না। বেকার ছিলেন বেশির ভাগ সময়। পাঁচ বছর পরে বাধ্য হয়ে ২০০৯ সালে দেশে ফেরেন সুফিয়ান। একদিকে পাওনাদারদের চাপ, অন্যদিকে সংসারের ভরণপোষণ। কোনো কূলকিনারা পাচ্ছিলেন না এই নারী।

গরু পালনের শুরু

২০১০ সালে একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে ২টি বাছুর কিনে পালন শুরু করেন শাহীন। তিলে তিলে গড়ে তুলেছেন একটি মাঝারি আকারের খামার। এখন তিনি ১৪টি গরুর মালিক। ঘর সামলেই খামারে কাজ করেন। প্রতিবছর গরু বিক্রির টাকা দিয়ে নতুন করে বাছুর কেনেন। গরুর জন্য চাষ করেছেন উন্নত জাতের ঘাস ও পশুখাদ্য। এসবের পাশাপাশি তিন মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিতও করেছেন। পরিবারে এখন সচ্ছলতা এসেছে। তাঁর কুঁড়েঘর ভেঙে ২০১৯ সালে তৈরি করেছেন একতলা পাকা বাড়ি।

খামারের বর্তমান অবস্থা

বর্তমানে শাহীন আক্তারের খামারে ১৪টি গরু আছে, যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। কদিন আগে আড়াই লাখ টাকায় দুটি গরু কোরবানির হাটে বিক্রি করেছেন। গরু পালন করে লাভের টাকায় সব দেনা শোধ করেছেন। পাকা বাড়ি নির্মাণ করেছেন। সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন। শাহীন আক্তারের চার সন্তানের মধ্যে একমাত্র ছেলে আলিফ তাহাসিন সবার ছোট। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। স্নাতকোত্তর শেষ করা বড় মেয়ে রেশমা আক্তারের বিয়ে হয়েছে দুই বছর আগে। মেজো মেয়ে সুমাইয়া আক্তার ডিপ্লোমা শেষ করে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নার্স হিসেবে কর্মরত আছেন। ছোট মেয়ে জাকিয়া সোলতানা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিশ্রম ও স্বাবলম্বিতা

শাহীন আক্তারের গরুর খামারে কোনো শ্রমিক নেই। তিনি নিজেই গরুর পরিচর্যা করেন। তাঁকে সাহায্য করেন স্বামী আবু সুফিয়ান। গরুর খাদ্যের জোগান দিতে দুই একর জমি বর্গা নিয়ে সেখানে ভুট্টা ও নেপিয়ার ঘাস চাষ করেছেন। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে তাঁকে একটি ঘাস কাটার যন্ত্র ও একটি ভুট্টা মাড়াইয়ের যন্ত্র প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে। ভুট্টা ও ঘাসের পাশাপাশি গরুকে ভুসি ও খইল খাওয়ানো হয়। দিনরাত সমানতালে কাজ করেন শাহীন ও তাঁর স্বামী। গরুগুলোকে গোসল করানো, খাওয়ানো, খামার পরিষ্কার করার সব কাজই করেন মিলেমিশে। বাড়তি হিসেবে রান্নার দায়িত্বও নিতে হয়েছে তাঁকে।

ভবিষ্যৎ পরিকল্পনা

নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে শাহীন আক্তার বলেন, ‘একসময় এই এলাকায় তেমন কেউ গরু পালন করতেন না। আমার সাফল্য দেখে আশপাশের অনেক নারী এখন গরু পালন করছেন। এটা দেখে ভালো লাগছে। সামনে খামারের পরিধি আরও বড় করব এবং একটি দুগ্ধজাত গরুর খামার গড়ে তুলব। নতুন উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করব।’

প্রাণিসম্পদ কর্মকর্তার মতামত

লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সেতু ভূষণ দাশ বলেন, ‘শাহীন আক্তার একজন অদম্য নারী। তাঁকে দেখে অন্যরা অনুপ্রাণিত হতে পারেন। এই অঞ্চলে গরুর মাংস ও দুধের ব্যাপক চাহিদা রয়েছে। আমরা তরুণ উদ্যোক্তাদের ভ্যাকসিন, ওষুধ ও নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকি। যে কেউ আমাদের সহযোগিতা নিয়ে গরু পালন করে শাহীন আক্তারের মতো সফল হতে পারেন।’