মিরসরাইয়ে বজ্রপাতে এবারের কোরবানির জন্য বিক্রির রাখা একটি গরু মারা গেছে। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। গরুটি মোটাতাজা করেছিলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা এলাকার জিন্নাত আলী মুহুরী বাড়ির দিদারুল আলম।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির অদূরে মাঠে বাঁধা ছিল ৩ মণ ওজনের ষাঁড়টি। রোববার দুপুরে হঠাৎ বজ্রপাতে গরুটি মারা যায়। গত শুক্রবার বিক্রির জন্য আবুতোরাব বাজারে তোলা হয়েছিল। ক্রেতারা ১ লাখ ১০ হাজার টাকা দাম বলেছিল, কিন্তু মালিক দিদারুল আলম ১ লাখ ২০ হাজার টাকার জন্য বিক্রি করেননি।
মালিকের শোক
রোববার বজ্রপাতে ষাঁড়টি মারা গেলে কান্নায় ভেঙে পড়েন গরুর মালিক দিদারুল আলম। তিনি বলেন, 'অনেক কষ্টে কোরবানিতে বিক্রির জন্য গরুটি মোটাতাজা করেছি। আজ সকালে বাড়ির পাশে মাঠে বেঁধে আসি। দুপুরের পর খবর পাই বজ্রপাতে গরুটি মারা গেছে। গরুর কাছে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি। প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের গরুটি মারা যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেল।'
প্রাণিসম্পদ কর্মকর্তার বক্তব্য
মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, 'মায়ানীতে বজ্রপাতে গরু মারা যাওয়ার খবর শুনিনি। খোঁজখবর নিয়ে দেখছি।'



