চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম রাধু চন্দ্র দাস (৪৮)। গত ১৪ মে সকালে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। টানা ৯ দিন পার হলেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
পরিবারের উদ্বেগ
রাধু চন্দ্র দাসের ছোট ভাই রাজন চন্দ্র দাস বলেন, ‘ভাইয়ের সন্ধান না পেয়ে আমরা সবাই খুব উৎকণ্ঠায় আছি। ১৪ মে সকাল ৬টায় তিনি বাড়ি থেকে বের হন। কিছুই বলেননি। তারপর থেকে আর ফেরেননি। সব সম্ভাব্য জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পাইনি।’ তিনি আরও জানান, ১৬ মে তাঁর ভাবি কাকলী রানী দাস মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পারিবারিক ও ব্যবসায়িক পটভূমি
রাধু চন্দ্র দাসের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামে। তিনি ওই গ্রামের নিন্টু চন্দ্র দাসের বড় ছেলে। উপজেলা সদরের রথবাজার এলাকায় তাঁর একটি খাবারের হোটেল ও চায়ের দোকান রয়েছে। তিনি ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত।
শঙ্কা ও আশঙ্কা
রাজন চন্দ্র দাসের ভাষ্য, ‘৯ দিনের বেশি সময় পার হয়ে গেলেও ভাইয়ের খোঁজ মিলছে না। এতে আমার বৃদ্ধ ও অসুস্থ বাবা আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের শঙ্কা, পূর্বশত্রুতা বা ব্যবসায়িক লেনদেনের দ্বন্দ্বের কারণে কেউ তাকে খুন বা গুম করে থাকতে পারে।’
স্ত্রী কাকলী রানী দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এখনো আমার স্বামীর খোঁজ পাইনি। সে বেঁচে আছে, নাকি কেউ মেরে ফেলেছে, কিছুই বুঝতে পারছি না। আমার স্কুলপড়ুয়া ছেলেটি বাবাকে ডাকছে। আমি টেনশনে মরে যাচ্ছি। কাঁদতে কাঁদতে চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। স্বামীর কোনো খোঁজ নেই।’
পুলিশের পদক্ষেপ
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ‘ওই ব্যবসায়ীর সন্ধান এখনো পাইনি। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং প্রয়োজনীয় তদন্ত করছি।’



