বরগুনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গলদা ও বাগদা চিংড়ির রেণুপোনা জব্দ করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। শুক্রবার (২২ মে) সকালে সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অবৈধভাবে পাচারকালে দুটি ট্রাক থেকে মোট ২২৭টি ড্রামে সংরক্ষিত রেণুপোনা জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, এতে ২২ থেকে ২৫ লাখ রেণু পোনা রয়েছে, যার বাজারমূল্য প্রায় কোটি টাকা। পরে উদ্ধার করা রেণুপোনাগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়েছে।
অভিযানে দুই ট্রাকচালক আটক
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, এ অভিযানে মূল হোতাদের আটক করা সম্ভব না হলেও দুই ট্রাকচালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে রেণুপোনা পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা সংস্থার সহায়তায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরিবেশের জন্য হুমকি
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জব্দকৃত রেণুপোনাগুলো নদী থেকে সংগ্রহ করা হয়েছে। নদী থেকে চিংড়ির পোনা আহরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। একটি চিংড়ি পোনা ধরার সময় প্রায় ৪৯৮টি অন্যান্য মাছ ও জলজ প্রাণীর পোনা ধ্বংস হয়, যা পরিবেশ ও ভবিষ্যৎ মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি।
তিনি আরও জানান, বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকায় সরকারি অনুমোদিত দুটি চিংড়ি হ্যাচারি রয়েছে। তবে জব্দ হওয়া পোনার ক্ষেত্রে কোনো বৈধ হ্যাচারির তথ্য বা লাইসেন্স পাওয়া যায়নি।
কঠোর আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি
এ বিষয়ে বরগুনা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা অবৈধভাবে রেণুপোনা আহরণ ও পরিবহণ করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নদী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।



