গত কয়েকদিনের বৃষ্টিতে মেগাসিটি ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে। তা সত্ত্বেও আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৭টার লাইভ আইকিউএয়ার তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড করা হয়েছে ১০৭, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
বৈশ্বিক দূষণ তালিকায় ঢাকার অবস্থান
আজকের বৈশ্বিক তালিকায় ঢাকা নবম অবস্থানে রয়েছে। সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার একিউআই স্কোর ১৭১। দ্বিতীয় অবস্থানে থাকা চিলির রাজধানী সান্তিয়াগোর স্কোর ১৪৫ এবং তৃতীয় স্থানে থাকা নেপালের রাজধানী কাঠমান্ডুর স্কোর ১৪২।
বায়ুমান সূচক ও স্বাস্থ্য ঝুঁকি
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে স্কোর থাকলে বাতাসের মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা গ্রহণযোগ্য। কিন্তু ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। সে হিসেবে ঢাকার বর্তমান বায়ুমান সাধারণ নগরবাসীর জন্য সহনীয় পর্যায়ে রয়েছে, তবে সংবেদনশীল গোষ্ঠী যেমন শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।
সাত সকালেই আকাশে কড়া রোদের আভাস পাওয়া গেছে, ফলে দিন বাড়ার সাথে সাথে দূষণের মাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির পরেও রোদ উঠলে বায়ুদূষণের মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে।



