বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে ধূসর বর্ণের একটি বড় আকৃতির ডলফিন বড়শিতে ধরা পড়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বেতাগী ফেরিঘাট–সংলগ্ন বিষখালী নদীতে স্থানীয় এক জেলের বড়শিতে প্রায় ২০ কেজি ওজনের ডলফিনটি ধরা পড়ে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন বেতাগী ফেরিঘাট–সংলগ্ন বিষখালী নদীতে কয়েকজন জেলে মাছ ধরেন। গতকাল সন্ধ্যায় নদীর মাঝামাঝি এলাকায় বড় আকৃতির কিছু একটা বড়শিতে আটকে যায়। অনেক চেষ্টার পর সেটিকে নদী থেকে তীরে তুলে আনলে দেখা যায়, সেটি একটি ডলফিন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ডলফিনটি দেখতে ফেরিঘাটে আসেন।
গাঙ্গেয় ডলফিনের আইনি অবস্থা
বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী, গাঙ্গেয় ডলফিন সংরক্ষিত প্রজাতির। এটি শিকার করা, পরিবহন ও বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। প্রাণীটি বিপন্ন প্রজাতির।
প্রত্যক্ষদর্শীর বিবরণ
প্রত্যক্ষদর্শী সুমন পাটনী বলেন, সন্ধ্যায় ফেরিঘাটে গিয়ে জেলেদের বড়শিতে একটি ডলফিন ধরা পড়ার খবর পান। প্রথমে অনেকে এটিকে শনাক্ত করতে পারছিলেন না। এ সময়ে ডলফিনটি মারা যায়। তারপর কয়েকজন সেটিকে নিয়ে চলে গেছেন।
জেলে জলিল মৃধা বলেন, ডলফিনটি বড়শিতে আটকে যাওয়ার পর অনেকক্ষণ পানিতে ছটফট করছিল। পরে সেটি দুর্বল হয়ে পড়লে তীরে আনা হয়। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে নদীর তীরবর্তী এলাকায় আসার সময় অসাবধানতাবশত ডলফিনটি বড়শিতে আটকে যায়।
প্রশাসনের প্রতিক্রিয়া
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘বড়শিতে ডলফিন ধরা পড়ার বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। পরে কী হয়েছে, তা জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’



