কক্সবাজার পর্যটন জোনের আল-গণি রেস্টুরেন্টে খাবার খেয়ে কমপক্ষে অর্ধশত পর্যটক অসুস্থ হয়ে পড়েছেন। এই ঘটনায় জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ৩৫ জন। শনিবার (১৬ মে) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে অর্ধলাখ টাকা জরিমানা করে।
কীভাবে শুরু হয় ঘটনা?
শুক্রবার রাতে আল-গণির সুগন্ধা পয়েন্ট শাখায় রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষা সফরে আসা অর্ধশত পর্যটক বারবিকিউ খান। খাবার শেষে সবাই একে একে অসুস্থ বোধ করলে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন।
হাসপাতালে চিকিৎসা
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানবী জান্নাত জানান, রাত সাড়ে ১১টার পর থেকে আক্রান্ত পর্যটকরা আসতে শুরু করেন। সব মিলিয়ে ৩০-৩৫ জন চিকিৎসা নেন। তাদের মধ্যে বমি, ডায়রিয়া ও তীব্র পেটব্যথার উপসর্গ দেখা দেয়। ফুড পয়জনিং এর কারণে এমন হয়েছে। ১২ জনকে ভর্তি করে পর্যবেক্ষণ ও চিকিৎসা শেষে শনিবার দুপুরে শারীরিক অবস্থার উন্নতি হলে ছাড়পত্র দেওয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ভোরে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগীদের বক্তব্য
চিকিৎসা নেওয়া পর্যটকদের মধ্যে ছিলেন মাসুম বিল্লাহ, আনোয়ার, সাবাব উল্লাহ, জাহির, আমিনুল ইসলাম, মাসুম উল্লাহ, আজহারুল আলী, গোলাম মোর্শেদ, মাহবুব আলম, আব্দুল মোমিন, মৌ, রুমা, আসমানী, মরিয়ম, মোমেন, মশিউর রহমান, কামরুজ্জামান, গীতা বালা ধর, আয়ান, আবু বকর ও আব্দুল মঈন। রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক মাসুম বিল্লাহ জানান, তাদের কলেজ থেকে ১৩০ জনের একটি দল শিক্ষা সফরে কক্সবাজারে যায়। শুক্রবার রাতে আল-গণিতে ৩০-৪০ জন বারবিকিউ খান। কিছু সময় পর সবাই কম-বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা নেন।
প্রশাসনের জরিমানা
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাশ বলেন, অভিযোগের ভিত্তিতে আল-গণিতে যৌথ অভিযান চালানো হয়। প্রপার হাইজিনিং মেইনটেইন না করার প্রমাণ মেলায় এবং খাবার তৈরির স্থান অপরিচ্ছন্ন থাকায় রেস্টুরেন্টটিকে সতর্ক করার পাশাপাশি অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে এই জরিমানা।
রেস্টুরেন্টের দাবি
আল-গণি রেস্টুরেন্টের দায়িত্বশীল কর্মকর্তা মাসরুর আলম অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, তাদের বারবিকিউ নয়; বরং সৈকত এলাকায় অন্য খাবার খেয়ে পর্যটকরা অসুস্থ হয়েছেন।
পর্যটকদের দাবি
ভুক্তভোগী পর্যটক মাহবুব আলম, আব্দুল মোমিন, মৌ, রুমা, আসমানী, মরিয়ম, মোমেন প্রমুখ উল্লেখ করেন, পর্যটন শহর হিসেবে কক্সবাজারের রেস্তোরাঁগুলোতে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত মনিটরিং জোরদার করা জরুরি।
অন্যান্য ঘটনা
একই দিন হোটেল সী প্যালেসের রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অর্ধলাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।



