প্রতি স্কুলে সপ্তাহে একদিন গেমস ক্লাস বাধ্যতামূলক: মন্ত্রী
প্রতি স্কুলে সপ্তাহে একদিন গেমস ক্লাস বাধ্যতামূলক

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে দেশের প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে অন্তত একদিন শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)। শুক্রবার (১৫ মে) দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খেলার মাঠের সংকটই মাদকের মূল কারণ

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তরুণদের মাদকের দিকে ঝুঁকে পড়ার পেছনে খেলার মাঠের সংকটকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, ‘মাদক বাড়ার কারণ হলো আমাদের খেলার মাঠ ছোট হয়ে গেছে। খেলাধুলা থাকলে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তরুণেরা আড্ডা মেরে মাদকে আসক্ত হতো না। বড় বড় অট্টালিকা নির্মিত হলেও ছেলেমেয়েদের খেলার জায়গা নেই। এতে তাদের স্বাস্থ্য ও মন দুই-ই নষ্ট হচ্ছে। একটা পুরো জেনারেশন নেশার কারণে নষ্ট হয়ে গেছে।’

গেমস ক্লাস চালু করার নির্দেশ

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মন্ত্রী একটি বড় ঘোষণা দেন। তিনি জানান, প্রতিটি স্কুলের প্রতিটি শ্রেণিতে সপ্তাহে একদিন অন্তত দুই ঘণ্টা করে ‘গেমস ক্লাস’ রাখার জন্য তিনি স্থানীয় জেলা প্রশাসককে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। এই ক্লাসে ফুটবল, বাস্কেটবল থেকে শুরু করে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলাও অন্তর্ভুক্ত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষা ও ঐতিহ্যের গুরুত্ব

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শিক্ষার কোনো বয়স নেই এবং শিক্ষা এমন এক সম্পদ যা কখনো চুরি করা যায় না। নিজের পারিবারিক ব্যাকগ্রাউন্ড তুলে ধরে তিনি বলেন, ১৯২৪ সালে তার দাদা একজন সাধারণ কৃষিজীবী হয়েও তার সন্তানকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছিলেন। সেই স্বপ্ন ও ইচ্ছাশক্তিকে ধারণ করে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, “আমরা একসময় চলে যাব। আমি চাই, সিরাজগঞ্জকে এমন একটি জায়গায় রেখে যেতে, যেটা নিয়ে তোমরা গর্ব করতে পারো।”