রাজশাহীতে গুটি আম নামানো শুরু, বাজারে আসছে মৌসুমের প্রথম আম
রাজশাহীতে গুটি আম নামানো শুরু, বাজারে আসছে প্রথম আম

রাজশাহীতে বাগান থেকে গুটি জাতের আম নামানো শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম পাড়া হবে। এখন থেকে রাজশাহীর বাজারে গুটি আম পাওয়া যাবে। শুক্রবার (১৫ মে) সকালে রাজশাহী মহানগরী এবং আশপাশের এলাকা ঘুরে চাষি ও ব্যবসায়ীদের আম পাড়তে দেখা গেছে।

পবা এলাকায় আম সংগ্রহ শুরু

শুক্রবার সকালে পবার কুকন্ডী ও বুধপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, বাগানে অল্পসংখ্যক চাষি ও ব্যবসায়ী আম পাড়ছেন। তাদের দাবি, এখনো বাগানে গুটি জাতের আম সেভাবে পাকা শুরু হয়নি। তবে সময় ঘনিয়ে এসেছে, এখন গুটি জাতের সঙ্গে অন্য জাতের আমও পাকা শুরু হবে।

ব্যবসায়ীদের প্রতিক্রিয়া

আম ব্যবসায়ী মাসুদ হোসেন বলেন, জেলা প্রশাসকের বেঁধে দেওয়া সময় অনুযায়ী শুক্রবার থেকে গুটি আম পাড়া শুরু হয়েছে। এখন অল্প আম পাড়া হচ্ছে। শনিবার বানেশ্বর হাটে আম নিয়ে যাবেন বিক্রির জন্য। তবে প্রথম দিন খুব বেশি আম পাড়ার পরিকল্পনা নেই বলে জানান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রেজাউল ইসলাম নামে আরেক চাষি জানান, মহানগরীর বুধপাড়ায় গুটি জাতের আম নামানো হচ্ছে। এখনো সেভাবে আম পাড়া হবে না। কয়েক দিন পরে বেশি করে আম পাড়া হবে।

কৃষি বিভাগের সময়সূচি

কৃষি বিভাগ জানিয়েছে, অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে এবং আমের গুণগত মান ঠিক রাখতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর ও খিরসাপাত সংগ্রহ করা যাবে। এছাড়া ১০ জুন থেকে বানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি বাজারজাত করা যাবে।

পরে সংগ্রহ করা যাবে যেসব জাত

বারি আম-৪ সংগ্রহ শুরু হবে ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই এবং গৌড়মতি ১৫ জুলাই থেকে সংগ্রহ করা যাবে। তবে কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চলতি মৌসুমে আমের সম্ভাব্য উৎপাদন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ১৯ হাজার ৬৩ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন; যার বাজারমূল্য প্রায় ৭৮০ কোটি টাকার বেশি।