গার্মেন্টসকর্মী থেকে উদ্যোক্তা, আঙুর চাষে সফল কাওসার
গার্মেন্টসকর্মী থেকে উদ্যোক্তা, আঙুর চাষে সফল কাওসার

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে গড়ে উঠেছে একটি দৃষ্টিনন্দন আঙুর বাগান। দীর্ঘ লতার সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে মিষ্টি আঙুর। কোনোটা লম্বা, কোনোটা গোলাকার। হালকা বাদামি বা হলুদ-সবুজ রঙের এসব আঙুর দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। বাগানটি দূর থেকে দেখলে মনে হয় যেন ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের আঙুর বাগান। প্রতিদিন অসংখ্য মানুষ বাগানটি দেখতে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ জানতে চাইছেন চাষের পদ্ধতি।

গার্মেন্টসকর্মী থেকে কৃষি উদ্যোক্তা

বাগানটির উদ্যোক্তা মো. কাওসার আলম আকরাম। তিনি আগে ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতেন। সেখানে থাকাকালে তিনি সফল কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। আঙুর চাষের ধারণা নিতে তিনি রাজশাহীর একটি বাগান পরিদর্শন করেন। এরপর গ্রামে ফিরে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কাজ শুরু করেন।

বাণিজ্যিক চাষে সাফল্য

১০ মাস আগে ১৫ শতাংশ জমিতে দুইশ'র বেশি আঙুর গাছ দিয়ে তিনি বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। বর্তমানে তার বাগানের প্রতিটি গাছে আঙুরের বাম্পার ফলন হয়েছে। প্রতিটি গাছের পাতার ফাঁকে থোকায় থোকায় শুধু আঙুর আর আঙুর। এ উদ্যোক্তা জানান, তার দেখাদেখি এখন অনেক বেকার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। প্রতিদিন অসংখ্য মানুষ তার বাগানে ভিড় করছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আয়ের সম্ভাবনা ও পরিকল্পনা

কাওসার আলম জানান, এখন বছরে ১২ লাখ টাকার বেশি আয়ের সম্ভাবনা দেখছেন তিনি। তার এ কাজে উপজেলা কৃষি বিভাগ সার, পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছে। তিনি খুব দ্রুত বাগানের আয়তন ও গাছের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কৃষি বিভাগের সহায়তা

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ বলেন, উদ্যোক্তা মো. কাওসার আলম আকরাম প্রথমবারেই সফল হয়েছেন। আঙুর চাষে এ উপজেলার মাটি বেশ উর্বর। ভালো ফলন হয়েছে, স্বাদও চমৎকার। বিষমুক্ত এ আঙুর বাজারে ভালো দাম পাওয়া যাবে। কৃষি বিভাগ সব সময় আঙুর চাষের বিষয়ে খোঁজখবর রাখছে এবং তাকে কারিগরি সহায়তাসহ নানা পরামর্শ দিচ্ছে। নতুন কেউ আঙুর চাষে উদ্যোগী হলে কৃষি বিভাগ সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, কৃষিতে বহুমুখীকরণে আঙুর হতে পারে লাভজনক নতুন সম্ভাবনা।