পাবনার বেড়ায় লোকালয়ে হনুমানের দেখা মিলেছে
পাবনার বেড়ায় লোকালয়ে হনুমানের দেখা মিলেছে

পাবনার বেড়া উপজেলায় দীর্ঘদিন পর আবারও লোকালয়ে একটি হনুমানের দেখা মিলেছে। যশোর বা চুয়াডাঙ্গা থেকে কোনো খাবারে গাড়ির ট্রাকে চড়ে হনুমানটি ওই এলাকায় এসেছে বলে ধারণা করছেন এলাকাবাসী। হনুমানটি ঘিরে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে।

কলেজ মাঠে হনুমানের দেখা

বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ‘মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজ’ মাঠে হনুমানটি দেখা যায়। হঠাৎ করে লোকালয়ে এমন বন্যপ্রাণীর উপস্থিতিতে কলেজের শিক্ষক-ছাত্রীরা দেখার জন্য ভিড় জমায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের পাশের গাছের ডালে প্রথম হনুমানটিকে দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন, পথচারী ও শিক্ষার্থীরা ভিড় জমাতে শুরু করে। কেউ মোবাইল ফোনে ছবি তুলেছেন, কেউ আবার ভিডিও ধারণ করেছেন। অনেকেই বলছেন, বহু বছর পর এলাকায় এমন বড় আকৃতির হনুমান দেখা গেল।

হনুমানের আচরণ

স্থানীয়রা জানান, হনুমানটি দেখতে বেশ বড় ও শক্তিশালী। এর লেজও ছিল অস্বাভাবিক লম্বা। কিছুক্ষণ গাছের ডালে বসে থাকার পর সেটি আশপাশের কয়েকটি গাছে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছিল। মাঝে মাঝে মানুষের উপস্থিতি টের পেয়ে সতর্ক আচরণও করতে দেখা যায় প্রাণীটিকে। কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘প্রথমে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। পরে বুঝতে পারি এটি কাউকে আক্রমণ করছে না। তখন সবাই দূর থেকে দেখতে থাকি। এমন দৃশ্য আগে কখনও দেখিনি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বন্যপ্রাণীর আবাসস্থল সংকট

স্থানীয় অনেকেই জানান, একসময় গ্রামাঞ্চলে মাঝেমধ্যে হনুমান দেখা গেলেও এখন বনাঞ্চল কমে যাওয়ায় বন্য প্রাণীর দেখা খুব একটা মেলে না। খাদ্যের সন্ধানে কিংবা আবাসস্থল সংকুচিত হয়ে যাওয়ার কারণেই হয়তো প্রাণীটি লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করছেন তারা। মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক মেহেদী হাসান বলেন, ‘হনুমান সাধারণত শান্ত স্বভাবের প্রাণী। বনাঞ্চল ধ্বংস, খাদ্যের সংকট ও আবাসস্থল কমে যাওয়ার কারণে অনেক সময় এ ধরনের বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। প্রাণীটিকে ঘিরে মানুষের কৌতূহল থাকলেও সবাইকে সচেতন থাকতে হবে, যেন কেউ এটিকে ঢিল ছুড়ে মারে বা আতঙ্ক সৃষ্টি না করে। নিরাপদ পরিবেশ পেলে প্রাণীটি নিজ থেকেই আবার অন্যত্র চলে যাবে।’

প্রাণিসম্পদ কর্মকর্তার মতামত

বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন পর লোকালয়ে হনুমান দেখা যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। এ ধরনের বন্যপ্রাণী সাধারণত যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চল থেকে কলাবাহী ট্রাক বা বিভিন্ন যানবাহনের সঙ্গে এক স্থান থেকে অন্য স্থানে চলে আসে। ধারণা করা হচ্ছে, কোনো একটি কলার গাড়ির সঙ্গে হনুমানটি বেড়া পৌর এলাকায় এসেছে। তবে কেউ যদি এটিকে উত্ত্যক্ত বা আঘাত না করেন, তাহলে সাধারণত এ ধরনের হনুমান মানুষের তেমন কোনো ক্ষতি করে না।’