পিরোজপুরের নাজিরপুরে মামা বাড়ি বেড়াতে এসে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুদের পরিচয়
নিহত শিশুরা হলো নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মিরাজ ফকিরের ছেলে আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা দুই ভাই তাদের মায়ের সঙ্গে কয়েকদিন আগে নাজিরপুরের আমতলা গ্রামে মামা বাড়ি বেড়াতে আসে।
ঘটনার বিবরণ
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশের খালে একসঙ্গে গোসল করতে নামে শিশু দুটি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালের ঘাটসংলগ্ন পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক স্নিগ্ধা মিত্র বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কোনো প্রাণের স্পন্দন ছিল না।’
শোকের ছায়া
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় প্রশাসন ঘটনার খোঁজখবর নিয়েছে।



