প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বুধবার আশা প্রকাশ করেছেন যে জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ইতিবাচক খবর আসতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের ফলাফল আগামী মাস থেকে বাস্তবায়িত হতে শুরু করবে।
মালয়েশিয়া সফরের সাফল্য
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা এবং মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতায় শ্রম অভিবাসন, জনশক্তি রপ্তানি ও অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
মালয়েশিয়ার মন্ত্রীদের বাংলাদেশ সফর
তিনি আশা প্রকাশ করেন যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের মধ্যে বাংলাদেশ সফর করবেন। এর মাধ্যমে বিভিন্ন চলমান বিষয়ে বাস্তব অগ্রগতি দেখতে পাবেন জনগণ।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সেবা প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য সুবিধা বাড়াতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। লাগেজ ব্যবস্থাপনা, সহায়তা সেবা এবং বয়স্ক, অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ চলছে।
বিমানবন্দরে প্রবাসীদের সুবিধা
প্রবাসীরা যাতে বিমানবন্দরে কোনো হয়রানি বা অসুবিধার শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বিমানবন্দরটি ব্যবহারকারী বিপুল সংখ্যক প্রবাসীর কথা বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাতের ফ্লাইটে আগত যাত্রীদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত এবং বিমানবন্দরে শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
এই উদ্যোগগুলো বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথভাবে বাস্তবায়ন করবে বলে তিনি যোগ করেন।
মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা
মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার প্রশ্নে মন্ত্রী বলেন, অনিয়ম ও স্বচ্ছতার অভাব রোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ করে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ব্যবস্থাপনা কাঠামো তৈরি করা হবে।
কাতারে নিহত বাংলাদেশি
কাতারে নিহত বাংলাদেশি নাগরিকদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে অগ্রাধিকার দিচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব দেবজিৎ সিংহ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিঙ্কি সাহা এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ প্রমুখ।



