রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে বকেয়া বেতনসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে তারা সড়কে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এ সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে যা দেখা গেছে
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শ্রমিকরা মহাখালী-তেজগাঁও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
শ্রমিকদের সাত দফা দাবি
বিক্ষোভরত শ্রমিকরা সাত দফা দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো:
- গত মে মাসের বেতন পরিশোধ করতে হবে।
- ২০২৫ সালের ছুটির টাকা প্রদান করতে হবে।
- ডিসেম্বর-২০২৫ এর এরিয়া বিলের টাকা পরিশোধ করতে হবে।
- নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।
- শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ (চার) মাস তথা ১২০ (একশত বিশ) দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
- শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে।
- শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোন হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।
শ্রমিকদের এই অবরোধের কারণে মহাখালী-তেজগাঁও সড়কে যানজট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।



