চট্টগ্রামে জেলা প্রশাসকের হস্তক্ষেপে পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ
জেলা প্রশাসকের হস্তক্ষেপে চট্টগ্রামে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ

চট্টগ্রামে জেলা প্রশাসকের হস্তক্ষেপে পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সক্রিয় হস্তক্ষেপে বন্দরনগরীর বায়েজিদ এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। জে.পি. সনেট লিমিটেড নামের এই প্রতিষ্ঠানের মালিকপক্ষ বুধবার (১৮ মার্চ) কারখানার যন্ত্রপাতি বিক্রি করে প্রায় ১৬ লাখ টাকা শ্রমিকদের বুঝিয়ে দিতে বাধ্য হয়েছেন।

প্রশাসনের তৎপরতা ও সমঝোতা প্রক্রিয়া

খোঁজ নিয়ে জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশে কারখানার যন্ত্রপাতি তাৎক্ষণিকভাবে ১৬ লাখ টাকায় বিক্রি করা হয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সকালে সেই অর্থ শ্রমিকদের বুঝিয়ে দেওয়া হয়। কারখানার মালিকপক্ষের প্রতিনিধি সজিব দাস বলেন, ‘আমরা বিভিন্নভাবে টাকা জোগাড় করার চেষ্টা করেছি। কিন্তু ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত যন্ত্রপাতি বিক্রি করেই শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে হয়েছে। জেলা প্রশাসকের উপস্থিতিতে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

শ্রমিক ও প্রশাসনের বক্তব্য

কারখানার সিনিয়র অপারেটর মো. মনির হোসেন বলেন, ‘ডিসি স্যার প্রথমে নিজে টেলিফোনে সব পক্ষের সঙ্গে কথা বলেন। তিনি বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ সার্বক্ষণিকভাবে অফিসারদের মাধ্যমে মনিটরিং করেন। এ ছাড়া তিনি মালিকপক্ষকে সতর্ক করে দেন—প্রয়োজনে যন্ত্রপাতি বিক্রি করে হলেও বকেয়া পরিশোধ করতে হবে, না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরপরই মালিকপক্ষ টালবাহানা বন্ধ করে শ্রমিকদের বকেয়া পরিশোধে উদ্যোগ গ্রহণ করেন।’

শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়েজিদ থানার সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শ্রমিক অসন্তোষের খবর পেয়ে থানায় গিয়ে পুলিশ পাঠানোর অনুরোধ করি। জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করি। ডিসি স্যার হস্তক্ষেপ না করলে ঈদের আগে শ্রমিকরা তাদের পাওনা পেতেন না।’

প্রশাসনের কঠোর অবস্থান ও বাস্তবায়ন

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, ‘প্রতিষ্ঠানটির বকেয়া পরিশোধের সক্ষমতা ছিল না। জেলা প্রশাসকের নির্দেশে আমরা যন্ত্রপাতি ও স্টক মালামাল বিক্রির ব্যবস্থা করি। প্রথমে ক্রেতা গড়িমসি করলেও ডিসি স্যার কঠোর অবস্থান নেওয়ায় তিনি রাজি হন। গতকাল রাত ১২টার দিকে সমঝোতা হয় এবং ভোর ৬টায় পুরো টাকা পরিশোধ করা হয়।’

চট্টগ্রাম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, ‘আমাদের ক্ষমতার সীমাবদ্ধতা আছে। তবে জেলা প্রশাসকের সক্রিয় ভূমিকার কারণে মালিকপক্ষ বাধ্য হয়েছে বকেয়া পরিশোধ করতে। জেলা প্রশাসক বারবার খোঁজ নিয়েছেন এবং স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন—শ্রমিকদের বেতন পরিশোধ নিশ্চিত করতে হবে।’

শ্রমিক অসন্তোষের সূত্রপাত ও সমাধান

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘কারখানায় বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষের ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কারখানায় সার্বক্ষণিকভাবে মোতায়েন করা হয়। ঈদের আগে তিন মাসের বেতন বকেয়া এবং শ্রমিকদের দুর্দশার কথা বিবেচনা করে যন্ত্রপাতি বিক্রি করার মতো কঠোর নির্দেশ দিতে হয়েছে।’

কয়েক মাসের বকেয়া বেতন-ভাতা নিয়ে সৃষ্ট এই শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয় গত ১৪ মার্চ, যখন কারখানাটির প্রায় ১৩০ জন শ্রমিক তিন মাসের বেতন-ভাতার দাবিতে কারখানার ভেতরে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে ১৬ মার্চ জেলা প্রশাসন, মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি, শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট দফতরের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মালিকপক্ষ যন্ত্রপাতি বিক্রির মাধ্যমে বকেয়া পরিশোধের লিখিত অঙ্গীকার করেন।

তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে ১৭ মার্চ রাত পর্যন্ত সেই অঙ্গীকার বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। নারী শ্রমিকসহ অনেকে কারখানায় অবস্থান অব্যাহত রেখে আন্দোলন চালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। পরে ১৮ মার্চ ভোরে যন্ত্রপাতি বিক্রির মাধ্যমে প্রায় ১৬ লাখ টাকা পরিশোধ করা হয়। এর আগে মোট পাওনার মধ্যে ১ লাখ টাকা আংশিক পরিশোধ করা হয়েছিল।

জেলা প্রশাসক জানান, শ্রমিকদের পাওনা নিশ্চিত করতে মালিকপক্ষ, ক্রেতা ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছিল এবং প্রশাসনের উপস্থিতিতেই অর্থ বিতরণ সম্পন্ন হয়। প্রশাসনের এই কার্যকর হস্তক্ষেপে টানা চার দিনের শ্রম অসন্তোষের অবসান হয়েছে।