আনোয়ারায় নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার সময় উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপ পাড়া এলাকার কালু সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় ও ঘটনার বিবরণ
নিহত ব্যক্তিরা হলেন সিয়াম (১৯) ও আনিস (২৫)। তাঁদের মধ্যে সিয়ামের বাড়ি কুষ্টিয়া ও আনিসের বাড়ি রাজশাহী বলে জানা গেছে। তাঁরা ছয় মাস ধরে আনোয়ারায় ঠিকাদারের অধীনে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকালে ছয়তলা ভবনে পলেস্তারার কাজ শুরু করেন ছয় শ্রমিক। ওই সময় রেলিংয়ে কাজ করার সময় সিয়াম ও আনিস রেলিং ভেঙে নিচের মাচায় পড়ে যান। ওই সময় মাচাটিও ভেঙে পড়ে নিচে। সঙ্গে সঙ্গে মারা যান সিয়াম। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আনিসও মারা যান।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও কর্তৃপক্ষের পদক্ষেপ
ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিক ও বটতলী গ্রামের জুনাইদ ইসলাম বলেন, ‘আমরা দুজন শ্রমিক ভেতরে আর চারজন বাইরে কাজ করছিলাম। ওই সময় রেলিং ভেঙে দুজন নিচে পড়ে যান।’
ওই ভবনের ঠিকাদার মোহাম্মদ ছৈয়দ নূরের মুঠোফোনে একাধিকবার কল করেও সেটি বন্ধ পাওয়া যায়।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনতাসির জাহিন বলেন, দুই শ্রমিকের মরদেহ হাসপাতালে আছে এবং পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, হাসপাতাল থেকে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। বিস্তারিত তথ্য নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
