বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালু, শ্রমিকদের অধিকার রক্ষা এবং বর্তমান কর্মসংস্থান সংকট নিরসনে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে।
মে দিবসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী
শুক্রবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের প্রতি আমাদের সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। আমরা চেষ্টা করছি শ্রমিকদের কাজ ফিরিয়ে দিতে, পাশাপাশি তারা যেন নিয়মিত ন্যায্য মজুরি পান তা নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সরকারের পক্ষ থেকে শ্রমিকদের পরিবারের স্বচ্ছলতা ফেরাতে নানা উদ্যোগ চলমান থাকবে।’
শ্রমিক শোষণ ও টেকসই প্রতিষ্ঠান
অনিন্দ্য ইসলাম অমিত আরও উল্লেখ করেন, যে প্রতিষ্ঠানে শ্রমিকরা সন্তুষ্ট চিত্তে কাজ করে, সেই প্রতিষ্ঠানই উন্নতি করে। যারা শ্রমিকদের শোষণ করে তারা সাময়িকভাবে লাভবান হলেও দীর্ঘমেয়াদে সেই প্রতিষ্ঠান টিকে থাকে না। তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। আপনাদের কষ্ট লাঘবের জন্য আমাদের অঙ্গীকার ও প্রচেষ্টা প্রতিদিন প্রতি মুহূর্তে জারি থাকবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তারা
যশোর কালেক্টরেট চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়াও বক্তব্য রাখেন যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মাহবুবুর রহমান মজনু এবং জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর।
স্বাগত বক্তব্য ও আর্থিক অনুদান
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোরের উপ-মহাপরিদর্শক আরিফুল ইসলাম। সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রমিকদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।



