জ্বালানি সরবরাহে স্বস্তির বার্তা, আগামী জুন পর্যন্ত ভর্তুকি চলবে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল নিয়ে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও দেশে সরবরাহ ও মজুত স্বাভাবিক রয়েছে। সরকার পরিকল্পনা অনুযায়ী আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল সাশ্রয় ও সরবরাহ বজায় রাখতে ব্যবস্থা নিয়েছে।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রতিমন্ত্রীর বক্তব্য
সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘মীর শাহে আলম ফাউন্ডেশনের’ আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ও ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘তেল নিয়ে আতঙ্কের কিছু নেই; সবাই তেল পাচ্ছে। সরবরাহ ও মজুত ঠিক আছে, সিস্টেমের মধ্যেই রয়েছে। হয়তো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।’
সরকারের ভর্তুকি ও বেসরকারি সংস্থার ভূমিকা
তিনি বলেন, ‘সরকার জ্বালানির দাম বাড়ায়নি; বরং ভর্তুকি দিয়ে অতিরিক্ত দামে তেল কিনে এনে সরবরাহ দিচ্ছে। সাধারণ মানুষ কষ্টে না পড়ে সেজন্য এ খাতে আগামী জুন পর্যন্ত সরকারের ব্যয় হবে প্রায় ৩৬ হাজার কোটি টাকা।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থারও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একা সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয়।’ এ জন্য তিনি সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাগুলোর প্রশংসা করেন।
বগুড়ায় উন্নয়ন পরিকল্পনা ও বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ
তিনি বলেন, ‘মহাস্থান, মোকামতলা এলাকায় একটি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কাজে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও কৃষি মন্ত্রণালয় কাজ করছে।’
বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বহাল থাকবে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় এটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার চিন্তা করা হচ্ছে। সেখানে কৃষি, প্রকৌশল ও চিকিৎসা বিষয়ে শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।’



