জরুরি জ্বালানি চাহিদা পূরণে ১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন গ্যাসোলিন আমদানির অনুমোদন
দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৬ লাখ মেট্রিক টন ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন গ্যাসোলিন কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শনিবার (৪ এপ্রিল) বিকেলে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এই অনুমোদন দেওয়া হয়।
আন্তর্জাতিক প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক (ইউএই) ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিওর কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ মেট্রিক টন (৫%) (ইএন৫৯০-১০ পিপিএম) মাত্রার ডিজেল এবং এক লাখ মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
বিভিন্ন কোম্পানি থেকে ডিজেল আমদানি
এছাড়া ইউএইর আরেক কোম্পানি ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে ১ লাখ মেট্রিক ৫০ পিপিএম সালফার মানমাত্রার ডিজেল আমদানির নীতিগত অনুমোদন হয়েছে। একইভাবে, কাজাখস্তানের কোম্পানি কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপির কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল/এজিও আমদানির নীতিগত অনুমোদন হয়েছে।
এই অনুমোদনগুলি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সরবরাহ চেইন মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।



