অকটেন বনাম পেট্রল: গাড়ির ইঞ্জিনের জন্য সঠিক জ্বালানি বাছাইয়ের গুরুত্বপূর্ণ দিক
অকটেন বনাম পেট্রল: গাড়ির ইঞ্জিনের জন্য সঠিক জ্বালানি

অকটেন বনাম পেট্রল: গাড়ির ইঞ্জিনের জন্য সঠিক জ্বালানি বাছাইয়ের গুরুত্বপূর্ণ দিক

বর্তমানে অনেক পেট্রল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ না থাকায় নোটিশ টানিয়ে দেওয়া হচ্ছে, যা চালকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে অকটেন আসলে কী এবং পেট্রলের সাথে এর পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

অকটেন কী এবং এটি কীভাবে কাজ করে?

সহজ ভাষায় বললে, অকটেন কোনো আলাদা জ্বালানি নয়, বরং এটি জ্বালানির দহনক্ষমতা পরিমাপের একটি একক। বাজারে আমরা যে জ্বালানিকে অকটেন নামে কিনি, সেটি মূলত উচ্চমানের পরিশোধিত পেট্রল, যার অকটেন রেটিং সাধারণত ৯৫ বা তার বেশি হয়। ইঞ্জিনের ভেতরে বাতাস ও জ্বালানির মিশ্রণে যখন পিস্টন চাপ দেয়, তখন সেটি স্পার্ক প্লাগের আগুনের আগেই নিজে নিজে জ্বলে উঠতে চায়। জ্বালানি যদি এই অকালদহন রোধ করতে পারে, তবেই তাকে উচ্চমানের জ্বালানি বলা হয়। অকটেন রেটিং যত বেশি, জ্বালানি তত বেশি চাপ সহ্য করতে পারে, যা আধুনিক গাড়ির ইঞ্জিনের জন্য অপরিহার্য।

পেট্রল ও অকটেনের মধ্যে পার্থক্য

তাত্ত্বিকভাবে পেট্রল ও অকটেন দুটোই হাইড্রোকার্বন–ভিত্তিক জ্বালানি। তবে আধুনিক গাড়ি বা হাই-পারফরম্যান্স বাইকগুলো একটি নির্দিষ্ট কম্প্রেশন রেশিও বা চাপের পরিমাপ মাথায় রেখে তৈরি করা হয়। যদি আপনার গাড়ির ম্যানুয়ালে অকটেন ব্যবহারের নির্দেশনা থাকে, তবে সেখানে পেট্রল ব্যবহার না করাই ভালো। জরুরি প্রয়োজনে পেট্রল যদি নিতেই হয়, তবে খুব সামান্য পরিমাণে নেওয়া যেতে পারে, যাতে পরবর্তী পাম্প পর্যন্ত যাওয়া যায়। কিন্তু এটি নিয়মিত করা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না, কারণ ভুল জ্বালানি ব্যবহারে ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুল জ্বালানি ব্যবহারের ক্ষতিকর প্রভাব

যদি আপনি অকটেনের বদলে পেট্রল ব্যবহার করেন, তবে ইঞ্জিনে দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল কিছু সমস্যা দেখা দিতে পারে। পেট্রলের দহনক্ষমতা অকটেনের চেয়ে কম, যার ফলে পিস্টন ওপরে ওঠার আগেই জ্বালানি জ্বলে ওঠে। এতে ইঞ্জিনের ভেতর থেকে ধাতব ঠকঠক শব্দ হয়, যাকে বলা হয় নকিং। এটি ইঞ্জিনের পিস্টন ও সিলিন্ডারের মারাত্মক ক্ষতি করে। উচ্চক্ষমতার ইঞ্জিনে পেট্রল ব্যবহার করলে গাড়ি তার স্বাভাবিক শক্তি হারায়, আপনি অ্যাকসিলারেটর চাপলেও গাড়ি আগের মতো গতি পাবে না এবং মাইলেজ দ্রুত কমতে থাকবে।

এছাড়া, অকটেন অনেক বেশি পরিষ্কারভাবে জ্বলে, বিপরীতে পেট্রল পুরোপুরি না জ্বলার কারণে ইঞ্জিনের ভাল্‌ভ এবং স্পার্ক প্লাগে কার্বনের আস্তরণ জমা হয়। এতে ইঞ্জিনের আয়ু কমে যায়। ভুল জ্বালানি ব্যবহারের ফলে ইঞ্জিনের দহনপ্রক্রিয়ায় অসামঞ্জস্য তৈরি হয়, যা ইঞ্জিনকে দ্রুত গরম করে তোলে। দীর্ঘক্ষণ এভাবে চললে ইঞ্জিন সিজ করার ঝুঁকি থাকে, যা মেরামতের জন্য উচ্চ খরচের কারণ হতে পারে।

গাড়ির ম্যানুয়াল অনুসরণের গুরুত্ব

প্রতিটি গাড়ির সঙ্গে একটি ইউজার ম্যানুয়াল থাকে, সেখানে স্পষ্ট লেখা থাকে আপনার গাড়ির জন্য কত রেটিংয়ের জ্বালানি প্রয়োজন। সেটি মেনে চলাই সবচেয়ে নিরাপদ। অনেকেই মনে করেন, অর্ধেক পেট্রল আর অর্ধেক অকটেন মিশিয়ে নিলে সাশ্রয় হবে, এটি একটি ভুল ধারণা। এতে জ্বালানির মান ভারসাম্যহীন হয়ে পড়ে এবং সেন্সরযুক্ত আধুনিক ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। যদি ভুলবশত পেট্রল ব্যবহার করে ফেলেন, তবে দ্রুত একজন বিশেষজ্ঞ মেকানিক দিয়ে স্পার্ক প্লাগ এবং ফুয়েল ফিল্টার পরিষ্কার করিয়ে নিন।

শুধু অকটেন বা পেট্রল বাছাই করলেই হবে না, জ্বালানির মান যেন খাঁটি হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তাই বিশ্বস্ত পাম্প থেকে জ্বালানি নিতে চেষ্টা করুন। সামান্য কিছু টাকা বাঁচাতে বা আলসেমি করে অকটেনের বদলে পেট্রল ব্যবহার করলে সাময়িকভাবে গাড়ি চললেও দীর্ঘ মেয়াদে এটি আপনার পকেটের ওপর বড় ধাক্কা দিতে পারে। আপনার বাহনটি যদি আধুনিক প্রযুক্তির হয়, তবে তার সুস্বাস্থ্য নিশ্চিত করতে সব সময় নির্দিষ্ট মানের জ্বালানি ব্যবহার করুন।