পাকিস্তানে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ১৪ রুপি ৯২ পয়সা এবং হাই-স্পিড ডিজেলের দাম ১৫ রুপি বৃদ্ধি করা হয়েছে।
নতুন দাম নির্ধারণ
সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির পেট্রোলিয়াম বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন প্রতি লিটার পেট্রোলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪১৪ রুপি ৭৮ পয়সা। আর হাই-স্পিড ডিজেলের দাম হবে প্রতি লিটার ৪১৪ রুপি ৫৮ পয়সা।
কার্যকর হওয়ার সময়
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুক্রবার (৮ মে) রাত ১২টার পর থেকেই নতুন দাম কার্যকর হবে।
পূর্ববর্তী মূল্যবৃদ্ধি
এর আগে গত ৩০ এপ্রিলও সরকার পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের দাম বাড়িয়েছিল। তখন পেট্রোলের দাম প্রতি লিটারে ৬ রুপি ৫১ পয়সা বাড়িয়ে ৩৯৯ রুপি ৮৬ পয়সা করা হয়। আর হাই-স্পিড ডিজেলের দাম বাড়ানো হয়েছিল ১৯ রুপি ৩৯ পয়সা।
এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বাড়ালো পাকিস্তান সরকার। এতে করে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বেড়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।



