মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। একারণে ভারতে আবারও বাণিজ্যিক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। তবে সাধারণ গ্রাহকদের জন্য গৃহস্থালি এলপিজি, পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
শুক্রবার (১ মে) প্রকাশিত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম গড়ে ৯৯৩ রুপি বৃদ্ধি পেয়েছে। ফলে রাজধানী দিল্লিতে এই সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩,০৭১.৫০ রুপি, যা আগে ছিল ২,০৭৮.৫০ রুপি। একইভাবে মুম্বাইয়ে দাম ২,০৩১ রুপি থেকে বেড়ে হয়েছে ৩,০২৪ রুপি।
তৃতীয় দফা মূল্যবৃদ্ধি
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা শুরুর পর এটি তৃতীয় দফা মূল্যবৃদ্ধি। এর আগে মার্চ মাসে ১৪৪ রুপি এবং ১ এপ্রিল প্রায় ২০০ রুপি বাড়ানো হয়েছিল।
নতুন নিয়ম চালু
এদিকে, ১ মে থেকে এলপিজি ব্যবস্থাপনায় নতুন নিয়ম চালু করেছে ভারত সরকার। নতুন নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে এলপিজি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে ব্যবধান ২১ দিনের পরিবর্তে ২৫ দিন করা হয়েছে। গ্রামাঞ্চলে এ ব্যবধান সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত হতে পারে। নির্ধারিত সময়ের আগে বুকিং করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
ভারতের জ্বালানি বিভাগ জানিয়েছে, বাণিজ্যিক এলপিজির দাম বৃদ্ধি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে। তবে গৃহস্থালি গ্রাহকদের জন্য কোনো পরিবর্তন না থাকায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছেন।



