নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৭)। তারা কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাঙচিলের মো. মহিউদ্দিনের মেয়ে। দুজনেই ওই এলাকার মারকাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত দুই বোন মায়ের সঙ্গে কিছুদিন আগে কোম্পানীগঞ্জ থেকে সুবর্ণচরের চর ক্লার্ক ইউনিয়নের নানার বাড়িতে বেড়াতে আসে। আজ সকাল থেকেই তারা নিখোঁজ ছিল। বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করেও পাননি। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে তাঁদের লাশ ভেসে ওঠে।
স্থানীয় প্রতিনিধির বক্তব্য
চর ক্লার্ক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার বলেন, ধারণা করা হচ্ছে, একজন অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গেলে আরেকজন তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায়।
পুলিশের বক্তব্য
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



