রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএনজি ফিলিং স্টেশন মালিকরা তাদের কমিশন বাড়ানোর দাবি জানিয়েছেন। বর্তমানে প্রতি কেজি সিএনজিতে ৮ টাকা কমিশন পেলেও তারা তা বাড়িয়ে ১৩ দশমিক ৯৬ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন। শনিবার (৬ জুন) বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা এ দাবি জানান।
দীর্ঘদিন কমিশন অপরিবর্তিত
সংগঠনের নেতারা বলেন, সিএনজি উৎপাদনের প্রধান উপাদান বিদ্যুৎ হলেও ২০১৩ সালের পর থেকে স্টেশন মালিকদের কমিশন আর বাড়ানো হয়নি। এ সময়ের মধ্যে ২০১৫ সাল থেকে বিদ্যুৎ ও জ্বালানির দাম সাত দফা বৃদ্ধি পেলেও কমিশন অপরিবর্তিত রয়েছে। তাদের দাবি, সর্বশেষ বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সিএনজি খাত আরও বেশি চাপে পড়েছে।
লোকসানের মুখে স্টেশন মালিকরা
পাশাপাশি ইজারা ফি, লাইসেন্স নবায়ন ফি, মূল্যস্ফীতি এবং ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় অধিকাংশ স্টেশন লোকসানের মুখে পড়েছে। এ অবস্থায় আগামী ৩০ জুনের মধ্যে কমিশন বৃদ্ধির দাবি বাস্তবায়ন না হলে ১ জুলাই থেকে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।



