গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোক পয়েন্ট হরমুজ প্রণালি থেকে ইরান অবরোধ সরিয়ে নিলেও বিশ্ব বাজারে তেলের দাম স্বাভাবিক হতে সময় লাগবে অনেক। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক বিশ্লেষণে এমন শঙ্কা প্রকাশ করেছে।
অবরোধ তুলে নিলেই কি সব স্বাভাবিক?
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অনেকেই মনে করেন, যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বা অবরোধ তুলে নেওয়ার পরপরই তেলের প্রবাহ আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু বাস্তবে বিষয়টি এত সহজ নয়। তেল উৎপাদন বন্ধ হয়ে গেলে তেলকূপগুলোতে জটিল প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়।
তেলকূপে প্রযুক্তিগত জটিলতা
আল জাজিরার প্রতিবেদক বাসেল গাজোগলি ব্যাখ্যা করেছেন, দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে কূপের চাপ, তাপমাত্রা ও ভেতরের রাসায়নিক ভারসাম্য পরিবর্তিত হয়। এই পরিবর্তন পুনরায় উৎপাদন শুরু করাকে কঠিন করে তোলে। বিশেষজ্ঞদের মতে, একটি তেলক্ষেত্র পুরোপুরি চালু করতে সময়, দক্ষ প্রকৌশল ও বিপুল ব্যয়ের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে উৎপাদন আগের পর্যায়ে ফিরতে সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে।
ইরানের তেল সংরক্ষণ সংকট
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের বর্তমান তেল সংরক্ষণ সংকট বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ভঙ্গুরতাকে সামনে নিয়ে এসেছে। বিশ্ববাজারে তেলের সরবরাহে সামান্য বিঘ্নও কীভাবে বড় অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে, সেটিও এই পরিস্থিতিতে স্পষ্ট হয়ে উঠছে।
হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি। এই প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের তেলের একটি বড় অংশ পরিবহন করা হয়। তাই এই পথে কোনো বিঘ্ন ঘটলে তা গোটা বিশ্বের জ্বালানি বাজারকে প্রভাবিত করে।



