সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে অন্তত এক দিন খেলাধুলার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার দুপুরে অনুষ্ঠিত এই সমাবেশে মন্ত্রী বলেন, মাদক থেকে বাঁচতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, মাদকের পরিবর্তে খেলাধুলা ও স্বাস্থ্য রক্ষায় নজর দিতে হবে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি প্রজন্ম ইতিমধ্যে নেশার কারণে নষ্ট হয়ে গেছে; তাদের সঠিক পথে এনে সুস্থ-সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ দিলে দেশ সুন্দর হবে।
মাদক বাড়ার কারণ খেলার মাঠ সংকুচিত হওয়া
ইকবাল হাসান মাহমুদ বলেন, মাদক বাড়ার অন্যতম কারণ খেলার মাঠ ছোট হয়ে যাওয়া। তিনি বলেন, ‘আমাদের খেলাধুলা থাকলে পাড়ায় পাড়ায় তরুণেরা আড্ডা দিয়ে মাদকে আসক্ত হতো না। প্রতিটি শহরে বড় বড় বাড়ি নির্মিত হয়েছে, কিন্তু এসব বাড়ির শিশু-কিশোরদের খেলাধুলার জায়গা নেই। এতে তাদের স্বাস্থ্যের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি মনও নষ্ট হচ্ছে।’
স্কুলে গেমস ক্লাস চালুর নির্দেশ
মন্ত্রী জানান, তিনি জেলা প্রশাসককে প্রতিটি স্কুলের প্রতিটি শ্রেণিতে সপ্তাহে এক দিন দুই ঘণ্টা করে গেমস ক্লাস রাখার নির্দেশ দিয়েছেন। সেখানে ফুটবল, বাস্কেটবলসহ গ্রামীণ খেলাধুলা অন্তর্ভুক্ত থাকবে। তিনি বলেন, ‘খেলাধুলা না করলে শরীর ভালো থাকে না, শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শেখার কোনো বয়স নেই। শিক্ষা এমন এক সম্পদ, যা কেউ চুরি করতে পারে না।’
পরিবারের শিক্ষার প্রসঙ্গ
নিজের পরিবারের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, তাঁর দাদা একজন কৃষিজীবী হয়েও ১৯২৪ সালে তাঁর ছেলেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছিলেন। তখন সিরাজগঞ্জে কলেজ ছিল না, ম্যাট্রিক পাস করে বাইরে গিয়ে পড়তে হয়েছে। একজন সাধারণ মানুষও স্বপ্ন দেখেছিলেন তাঁর সন্তানকে শিক্ষিত করবেন। তিনি বলেন, ‘দেশটা শুধু আমাদের নয়, আগামী প্রজন্মের। আমরা একসময় চলে যাব। আমি চাই, সিরাজগঞ্জকে এমন একটি জায়গায় রেখে যেতে, যেটা নিয়ে তোমরা গর্ব করতে পারো।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।



