মে মাসে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) মান গত মাসে দাঁড়িয়েছে ৬২ দশমিক ৮-এ, যা এপ্রিলের ৫৪ দশমিক ৬ থেকে ৮ দশমিক ২ পয়েন্ট বেশি। এই বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে সম্প্রসারণের গতি আরও জোরালো হয়েছে।
খাতভিত্তিক বিশ্লেষণ
আজ সোমবার প্রকাশিত বাংলাদেশ পিএমআই প্রতিবেদনে বলা হয়েছে, উৎপাদন ও সেবা খাতে শক্তিশালী প্রবৃদ্ধি, নির্মাণ খাতের পুনরুদ্ধার ও কৃষি খাতের ধারাবাহিক সম্প্রসারণের ফলে অর্থনৈতিক কার্যক্রমের গতি বেড়েছে। কৃষি খাত টানা ৯ম মাসের মতো সম্প্রসারণের ধারা বজায় রেখেছে। ব্যবসায়িক কার্যক্রম ও কর্মসংস্থানে প্রবৃদ্ধি বেড়েছে, যদিও নতুন ব্যবসা ও উৎপাদন উপকরণের ব্যয়ের প্রবৃদ্ধি কিছুটা কমেছে। তবে জমে থাকা কাজের সূচকে সংকোচন দেখা গেছে।
উৎপাদন খাত
টানা দ্বিতীয় মাসের মতো সম্প্রসারণ হয়েছে উৎপাদন খাতের। এ খাতে প্রবৃদ্ধির হার বেড়েছে। নতুন কার্যাদেশ, রপ্তানি আদেশ, কাঁচামাল ক্রয় ও কর্মসংস্থানে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। আমদানি ও জমে থাকা কার্যাদেশও আবার বেড়েছে।
নির্মাণ খাত
টানা তিন মাস সংকোচনের পর নির্মাণ খাত আবার সম্প্রসারণে ফিরেছে। নতুন কাজ, নির্মাণ কার্যক্রম ও কর্মসংস্থানে ইতিবাচক ধারা দেখা গেছে। একই সঙ্গে নির্মাণ উপকরণের ব্যয় বৃদ্ধির হার আরও বেড়েছে।
সেবা খাত
সেবা খাত টানা ২০তম মাসের মতো সম্প্রসারণে আছে। এ খাতে ব্যবসায়িক কার্যক্রম, কর্মসংস্থান ও উৎপাদন ব্যয়ের হার বেড়েছে। নতুন ব্যবসাও আবার সম্প্রসারণে ফিরেছে।
সূচকের মান
খাতভিত্তিক সূচকে দেখা যায়, মে মাসে কৃষি খাতের সূচক ছিল ৭০, উৎপাদন খাতের ৬৪ দশমিক ১, সেবা খাতের ৬২ দশমিক ৩ ও নির্মাণ খাতের ৫২ দশমিক ৯। আগের মাসে এ সূচকগুলো ছিল যথাক্রমে ৭০ দশমিক ৭, ৫৬ দশমিক ৯, ৫১ দশমিক ৮ ও ৪৪ দশমিক ৬।
ভবিষ্যৎ প্রত্যাশা
প্রতিবেদনে ভবিষ্যৎ ব্যবসা সূচকের ভিত্তিতে বলা হয়েছে, কৃষি, নির্মাণ ও সেবা খাতে সম্প্রসারণের ধারা অব্যাহত থাকবে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে উৎপাদন খাতে ভবিষ্যৎ প্রত্যাশা কিছুটা দুর্বল, সেখানে সংকোচনের আশঙ্কা আছে।
বিশেষজ্ঞ মতামত
প্রতিবেদন প্রসঙ্গে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজ বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জ্বালানি ব্যয় বৃদ্ধি, সরবরাহব্যবস্থায় বিঘ্ন ও মূল্যস্ফীতির চাপ ছিল অর্থনীতিতে। তবে ঈদ সামনে রেখে অভ্যন্তরীণ চাহিদা ও ব্যবসায়িক কার্যক্রম বেড়ে যাওয়ায় মে মাসে অর্থনৈতিক সম্প্রসারণের গতি বেড়েছে।
পিএমআই সূচকের মান ৫০-এর ওপর থাকলে ধরা হয় অর্থনৈতিক সম্প্রসারণ হয়েছে। ৫০-কে স্থিতিশীল ও ৫০-এর নিচের অবস্থান সংকোচন হিসেবে বিবেচনা করা হয়।



