লক্ষ্মীপুরে মুক্তিপণ না দেওয়ায় কিশোর অটোরিকশাচালক হত্যা
লক্ষ্মীপুরে মুক্তিপণ না দেওয়ায় কিশোর অটোরিকশাচালক হত্যা

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের সাত ঘণ্টা পর এক কিশোর অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণ না দেওয়ায় তাকে হত্যা করেছে অপহরণকারীরা। শনিবার (২ মে) দুপুর ১টার দিকে চরআবাবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি সুপারি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিচয়

নিহত রাজিব হোসেন (১৪) উপজেলার দক্ষিণ গাইয়ার গ্রামের অটোরিকশাচালক মোস্তফার ছেলে। সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিল বলে জানা গেছে।

ঘটনার বিবরণ

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে রাজিব বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। রাত ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে স্বজনরা অভিযোগ করেছেন। শনিবার দুপুরে স্থানীয়রা বাগানের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কিশোরের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের দাবি, শিমুলতলা এলাকার এক ব্যক্তি রাজিবের অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তাকে দেখা গেছে। বিষয়টি জানাজানি হলে ওই ব্যক্তি এলাকা থেকে পালিয়ে যায়।

পিতার বক্তব্য

রাজিবের বাবা মোস্তফা বলেন, আমার একমাত্র সম্বল ছিল রাজিব। আমার অবুঝ ছেলেকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

পুলিশের কার্যক্রম

রায়পুর থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, ঘটনাস্থল থেকে কিশোর রাজিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ