চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ নিহত, ৪ আহত
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ নিহত

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলায় সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

ফটিকছড়িতে পিতা-পুত্র নিহত

ফটিকছড়ির পিডং এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে এক ব্যক্তি ও তার ছেলে নিহত হন। নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন মো. শাহজাহান (৪৮) ও মো. আরিফ (১৮)।

দুর্ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বাসচালক মো. রাসেল (৩৮) কে গ্রেপ্তার করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অপর এক দুর্ঘটনায় বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নে একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে রবিউল হোসেন রবি (২৪) নিহত এবং আরেকজন আহত হন।

বাঁশখালীতে দুইজন নিহত

বাঁশখালীর মুন্সিরিয়া বাজারে বিকেলে মাছবোঝাই পিকআপ ভ্যান একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে দুইজন নিহত এবং তিনজন আহত হন। বাঁশখালী থানার ওসি রবিউল হক এ তথ্য জানান।

নিহতরা হলেন বাহাদুর আলম (২৮) ও মো. নোমান (৩৫)। ঈদের ছুটি শেষে চট্টগ্রাম শহরে কাজে ফিরছিলেন তারা। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ