বৈদ্যুতিক এবং হাইব্রিড গাড়ি কিনতে এখন থেকে ব্যাংক থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন গ্রাহকরা। একইসঙ্গে ব্যক্তিগত গাড়ি কেনার ঋণসীমাও বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সকল ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে নতুন সুবিধা
প্রজ্ঞাপনে বলা হয়, দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে অটো লোনে নতুন সুবিধা দেওয়া হয়েছে। জানা যায়, এখন থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ব্যক্তিগত ঋণ পাবেন একজন গ্রাহক।
ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির চাহিদা বৃদ্ধি
পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বৈশিষ্ট্যের কারণে দেশে ইলেকট্রিক ও হাইব্রিড যানবাহনের চাহিদা ও ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি জ্বালানিসংকটের প্রেক্ষাপটে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির চাহিদা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গাড়ির বাজারমূল্য বিবেচনায় এবং গ্রাহকদের ইলেকট্রিক ও হাইব্রিড যানবাহন কেনায় উৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঋণসীমা ও অনুপাতের পরিবর্তন
কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, প্রচলিত গাড়ির ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত অটো লোন নিতে পারবেন। তবে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা করা হয়েছে। একইসঙ্গে ঋণ ও নিজস্ব বিনিয়োগের অনুপাতেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৬০:৪০ অনুপাতে ঋণ দেওয়া যাবে, আর বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে সেটি বাড়িয়ে ৮০:২০ করা হয়েছে।
এক্সপোজার ও ব্যক্তিগত ঋণ
কোনো ব্যক্তির ওপর ঋণের মোট 'এক্সপোজার' নির্ধারণের ক্ষেত্রে তার নির্ভরশীল সদস্যদের নেওয়া অটো লোনও অন্তর্ভুক্ত হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। এতে বলা হয়, একজন ব্যক্তি ব্যাংক থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল ঋণ নিতে পারবেন, আগে যা ছিল ২০ লাখ টাকা। তাছাড়া বৈদ্যুতিক গাড়ি কেনাতেও বেশি ঋণ দেওয়ার বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।



