র্যানকন গ্লোবাল ট্রাকস লিমিটেড বাংলাদেশে জ্যাক মোটরসের তৈরি গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে নিযুক্ত হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি বাংলাদেশে জ্যাক মোটরসের তৈরি গাড়ি বিক্রি, বিক্রয়োত্তর সেবা ও খুচরা যন্ত্রাংশ সরবরাহ করবে। গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যানকন গ্লোবাল ট্রাকস লিমিটেড।
চুক্তির আওতায় সেবা ও বিপণন
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির আওতায় দেশজুড়ে জ্যাক মোটরসের তৈরি বাণিজ্যিক ট্রাকসহ টি৯ হান্টার এবং টি৮–এর মতো ফোর-হুইল ড্রাইভ গাড়ি বাজারজাত ও বিক্রয়–পরবর্তী সেবা দেবে র্যানকন গ্লোবাল ট্রাকস লিমিটেড। ইতিমধ্যে বাণিজ্যিক ট্রাকের জন্য দেশের বিভিন্ন প্রান্তে থ্রি-এস সেন্টার (সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস) স্থাপন করছে প্রতিষ্ঠানটি। ফলে এক ছাদের নিচেই গাড়ি বিক্রি, মেরামত, কারিগরি সহায়তা এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনা যাবে।
টি৯ হান্টারের বৈশিষ্ট্য
জ্যাক মোটরসের তৈরি প্রিমিয়াম টি৯ হান্টার ফোর-হুইল-ড্রাইভে আছে ২.০ লিটার টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন ও ৮-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, যা ১৬৮ হর্সপাওয়ার ও ৪১০ নিউটন-মিটার টর্ক সরবরাহ করতে সক্ষম। প্রিমিয়াম অডিও সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও উন্নত ফোর-হুইল-ড্রাইভ সুবিধাসহ আধুনিক এসইউভির সব সুযোগ-সুবিধাও রয়েছে মডেলটিতে।
র্যানকন গ্রুপের অন্যান্য ব্র্যান্ড
উল্লেখ্য, র্যানকন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান র্যানকন গ্লোবাল ট্রাকস লিমিটেড ইতিমধ্যেই সুজুকি মোটরসাইকেল, মার্সিডিজ বেঞ্জ গাড়ি ও বাস, মিতসুবিশি মোটরস, এমজিসহ অন্যান্য বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের গাড়ি বাজারজাত করছে। রাজধানী তেজগাঁওয়ে অবস্থিত জ্যাক মোটরসের ফ্ল্যাগশিপ শোরুমে গিয়ে গ্রাহকেরা গাড়ি কেনার পাশাপাশি টেস্ট ড্রাইভ করতে পারবেন।



