বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প ও কর্মসংস্থান কেন্দ্র গাজীপুর জেলায় মোট ৩.৯৪ লাখ অর্থনৈতিক ইউনিট এবং ২৫.৩০ লাখ কর্মরত জনবল নিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এ জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সোমবার গাজীপুরে ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনারে’ এ তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. নূরুল করিম ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া শুমারির পরিধি আরও বিস্তৃত করার ওপর জোর দিয়ে বলেন, ক্ষুদ্রতর ব্যবসা প্রতিষ্ঠান কিংবা পাড়া-মহল্লার ছোট দোকানগুলোকেও অর্থনৈতিক শুমারির আওতায় আনা এবং তাদের কাছে এর গুরুত্ব বোঝানো প্রয়োজন।
তিনি বলেন, সাধারণ মানুষের সুবিধার্থে শুমারি বা সার্ভেতে জটিল শব্দ পরিহার করে সবার জন্য সহজে বোধগম্য ‘টার্ম’ বা শব্দ ব্যবহার করা উচিত। শিল্পের আধিক্য এবং শক্তিশালী এসএমই (SME) খাতের কারণে তিনি গাজীপুরকে বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন।
সেমিনারে উপস্থিতি
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং গাজীপুর জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাহনুমা খানম। এছাড়াও সেমিনারে জেলা পর্যায়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করে বলেন, এই শুমারির তথ্য-উপাত্ত আগামী দিনে গাজীপুরের তথা দেশের অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



