ঈদ ছুটির পর রাজধানীতে ফিরছে কর্মব্যস্ততা, গণপরিবহনে স্বস্তির ভিড়
ঈদ ছুটির পর ঢাকায় ফিরছে কর্মব্যস্ততা, গণপরিবহনে ভিড়

ঈদ ছুটির পর রাজধানীতে ফিরছে কর্মব্যস্ততা

টানা আট দিনের দীর্ঘ ঈদ ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে প্রাণ ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকায়। সরকারি, আধা-সরকারি ও বেসরকারি অফিস খুলে যাওয়ায় কর্মজীবী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শহর। গত কয়েকদিনের শুনশান নীরবতা ভেঙে গণপরিবহনের সংখ্যা বেড়েছে, যানজট তুলনামূলক কম দেখা গেছে।

গণপরিবহনে স্বস্তির ভিড়

নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ গত দুদিন ধরে ঢাকায় ফিরতে শুরু করায় বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রামপুরা, বাড্ডা, মালিবাগ, শাহবাগ ও ফার্মগেট এলাকায় সকাল থেকেই অফিসগামী যাত্রীদের চোখে পড়ার মতো ভিড় ছিল। গত কয়েকদিনের যাত্রীখরা কাটিয়ে বাসগুলোতে উপভোগ্য ভিড় থাকায় পরিবহন শ্রমিকদের মাঝেও স্বস্তি দেখা গেছে।

রাজধানীর রামপুরা এলাকার বেসরকারি ব্যাংক কর্মকর্তা আবু সাদাত বলেন, “পরিবার নিয়ে ঈদ কাটিয়ে গতকালই ঢাকা ফিরেছি। আজ সকালে মহাখালী অফিসের উদ্দেশ্যে বের হয়েছি। বাসে যাত্রী থাকলেও স্বাভাবিক সময়ের মতো সেই যানজট আজ নেই। যাতায়াতে বেশ স্বস্তি পাচ্ছি।” তিনি মনে করেন, আগামী সপ্তাহের কর্মদিবসে রাজধানী তার স্বাভাবিক চিত্রে ফিরবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অফিস পাড়ায় কর্মজীবীদের পদচারণা

গুলশান ও বনশ্রী এলাকায়ও একই চিত্র দেখা গেছে। গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আরাফাত ইসলাম জানান, চক্রাকার বাসে ওঠার জন্য প্রতিদিন যে দীর্ঘ লাইন থাকে, আজ তা তুলনামূলক কম ছিল। তিনি বলেন, “আজ অফিস খুললেও আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি এবং এরপর শুক্র-শনিবার রয়েছে। ফলে আগামী রবিবার থেকেই রাজধানী তার পূর্ণ ও চিরচেনা রূপে ফিরবে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সকাল থেকেই গুলিস্থান থেকে ধানমন্ডি হয়ে গাবতলী, কল্যাণপুর, শাহবাগ-আসাদ গেট হয়ে গাবতলী মিরপুর, আবার ফার্মগেট হয়ে মিরপুর, উত্তরা অভিমুখী সব সড়কে বাসের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি দেখা গেছে। সিএনজিচালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং অ্যাপের মোটরসাইকেলগুলোর উপস্থিতিও ছিল লক্ষণীয়।

প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়সহ মতিঝিল ও কারওয়ান বাজার এলাকায় কর্মজীবী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে অফিস পাড়া। দীর্ঘ ছুটির আলসেমি কাটিয়ে নতুন উদ্যমে কাজে ফিরছেন নগরবাসী, যা শহরের গতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করছে।