জেনারেশন জেডের হাত ধরে ব্যাংকিং খাতে ডিজিটাল বিপ্লব, প্লাস্টিক মানির দুনিয়া
জেনারেশন জেডের হাত ধরে ব্যাংকিংয়ে ডিজিটাল বিপ্লব

জেনারেশন জেডের হাত ধরে ব্যাংকিং খাতে ডিজিটাল বিপ্লব

১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া তরুণ–তরুণীরা, যারা জেনারেশন জেড বা জেন–জি নামে পরিচিত, তাদের জীবনযাত্রায় প্লাস্টিক মানি বা ব্যাংক কার্ডের প্রভাব অপরিসীম। ইন্টারনেটের সঙ্গে বেড়ে ওঠা এই প্রজন্মের কাছে মানিব্যাগে টাকা রাখার চেয়ে একটি কার্ডে পুরো পৃথিবী পকেটে নিয়ে ঘোরাটাই স্বস্তি ও নিরাপত্তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কেনাকাটা থেকে শুরু করে যেকোনো ধরনের পেমেন্টে ক্যাশ গোনার ঝামেলা এড়িয়ে ব্যাংক কার্ডেই তাদের নির্ভরতা দিন দিন বেড়েই চলেছে।

প্রযুক্তিবান্ধব প্রজন্মের স্মার্ট লেনদেনের অভ্যাস

জেন–জিরা স্বভাবে চটপটে এবং ইন্টারনেট ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করে। সময়ের সঠিক ব্যবহার ও দ্রুত কাজ সম্পন্ন করার প্রবণতা তাদের মধ্যে প্রকট। তাদের কাছে কার্ড এখন শুধু লেনদেনের মাধ্যম নয়; বরং যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সমাধান পাওয়ার একটি বড় ভরসা। এটি স্মার্ট বিনিয়োগ হিসেবেও প্রতিনিয়ত অপরিহার্য হয়ে উঠছে।

বাজার বিশ্লেষকদের মতে, এই প্রজন্মের তরুণেরা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে রাজি নন। তারা চান, সবকিছু চোখের পলকে সম্পন্ন হোক। স্মার্টফোনের অ্যাপ ব্যবহার করে নিজের খরচ নিয়ন্ত্রণ করা এবং কেনাকাটায় ক্যাশব্যাক বা ডিসকাউন্টের মতো সুবিধা পাওয়ার কারণে তারা কার্ডের দিকে বেশি ঝুঁকছেন। কেবল ফ্যাশন নয়; বরং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতেও জেন–জিরা নগদ টাকার বদলে কার্ড ব্যবহারকেই বেশি কার্যকর ও সময়–সাশ্রয়ী বলে মনে করছে।

প্রজন্মের সীমানা ছাড়িয়ে ডিজিটাল বিপ্লবের প্রসার

জেন–জিরা বেড়ে ওঠার শুরু থেকেই ইন্টারনেট ব্যবহারের অবাধ সুবিধা পেয়েছে, যা ব্যাংকিং খাতের নতুন উদ্ভাবনগুলোর সুফল ভোগ করতে সহায়তা করেছে। স্মার্ট কার্ড থেকে শুরু করে বায়োমেট্রিক ফিচার—সবকিছুর সুবিধা এই প্রজন্ম সবচেয়ে বেশি গ্রহণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিবিমুখ আগের প্রজন্মকেও ডিজিটাল ব্যাংকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় অভ্যস্ত করতে জেন–জিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের হাত ধরেই পরিবারের মিলেনিয়াল বা তারও আগের প্রজন্ম ধীরে ধীরে স্মার্ট কার্ড বা পিনবিহীন লেনদেনে আগ্রহী ও অভ্যস্ত হয়ে উঠছে।

আন্তর্জাতিক পেমেন্ট জায়ান্ট মাস্টারকার্ডের চিফ প্রোডাক্ট অফিসার জর্ন ল্যাম্বার্টের মতে, বর্তমান সময়ের গ্রাহকেরা সবকিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পছন্দ করেন। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক বার্তায় তিনি উল্লেখ করেন, পরিবর্তনের এই ধারায় জেন–জি হয়তো পথ দেখাচ্ছে, তবে ব্যক্তিগত পছন্দের এই চাহিদা এখন সব প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ছে। ল্যাম্বার্টের কথার প্রতিফলন হিসেবেই দেখা যাচ্ছে, বড় কোনো সামাজিক পরিবর্তনের মতো ব্যাংকিং খাতের পরিবর্তনেও জোরালো ভূমিকা রাখছে জেন–জিরা।

প্রযুক্তির মেলবন্ধনে আগামী দিনের ব্যাংকিংয়ের রূপ

আর্থিক খাতে ডিজিটাল এই রূপান্তর কেবল লেনদেনের মাধ্যম পরিবর্তন করেনি, সঙ্গে বদলে দিয়েছে আমাদের জীবনযাত্রার ধরনও। জেনারেশন জেডের হাত ধরে শুরু হওয়া এই বিপ্লব এখন আর নির্দিষ্ট কোনো বয়সের ফ্রেমে বন্দী নেই। এটি অন্তর্ভুক্তিমূলক একটি আধুনিক সমাজব্যবস্থার ভিত্তি হয়ে উঠছে। প্রযুক্তির সহজলভ্যতা ও নিরাপত্তার মিশেলে আগামী দিনের ব্যাংকিং আরও বেশি মানবিক ও ব্যক্তিগত হবে, এমনটিই সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত।

এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো, প্রযুক্তি যেন মানুষের দাস না হয়ে বরং অকৃত্রিম বন্ধু হয়ে ওঠে। যার মাধ্যমে পুরো পৃথিবী হাতের মুঠোয় চলে আসবে। এই ডিজিটাল সেতুবন্ধন ইঙ্গিত দিচ্ছে, সামনের দিনগুলোয় ব্যাংকিং আরও স্মার্ট ও সাহসী হবে, যা সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলবে।