যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারে অভিযান
যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারে অভিযান

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় নওয়াপাড়া মাদ্রাসার পাশে তার মালিকানাধীন মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আনিসুর রহমান (৬৮) নওয়াপাড়া বাজারের সার ও সিমেন্ট ব্যবসায়ী। তিনি মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন। তাঁর বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামে। তবে দীর্ঘদিন ধরে তিনি নওয়াপাড়ায় বসবাস করছিলেন।

হামলার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় আনিসুর রহমান তার মালিকানাধীন আনিস ট্রেড হলি মার্কেটের সামনে বসে ছিলেন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে ৭–৮ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়ার পথে রাত পৌনে তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।

প্রতিক্রিয়া ও ব্যবস্থা

এ ঘটনায় নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নওয়াপাড়া সার ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন বলেন, ‘সন্ধ্যায় মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে আহত করে। পরে তিনি মারা যান। ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ ঘটনার পর হত্যার প্রতিবাদ ও দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিল্পশহর নওয়াপাড়ার ব্যবসায়ীরা আজ সকাল থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান, ঘাট গোডাউন ও নৌবন্দরে পণ্য লোড আনলোড বন্ধ রেখেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ