ইলেকট্রনিক্স খাতের দেশীয় জায়ান্ট কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের মুনাফা কমে গেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির মুনাফা কমে হয়েছে ৬৯৬ কোটি টাকায়। তার আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির মুনাফার পরিমাণ ছিল ৭৬২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ওয়ালটনের মুনাফা ৬৬ কোটি টাকা বা প্রায় পৌনে ৯ শতাংশ কমে গেছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক শেষে প্রকাশিত কোম্পানিটির আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
গত বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। এরপর শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে কোম্পানিটি। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানিটি এই তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, মূলত তিন কারণে কোম্পানিটির মুনাফা কমে গেছে। যদিও চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির বিক্রি আগের বছরের তুলনায় বেড়েছে। তারপরও উৎপাদন ও পরিচালন খরচ বৃদ্ধি এবং ঋণের সুদ বাবদ কোম্পানিটির খরচ বেড়ে যাওয়ায় মূলত মুনাফা কমে গেছে।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটি ৪ হাজার ৫৯৮ কোটি টাকার ব্যবসা করেছে। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটি ব্যবসা করেছিল ৪ হাজার ২৮৬ কোটি টাকার। সেই হিসাবে ব্যবসা বেড়েছে ৩১২ কোটি টাকার বা সোয়া ৭ শতাংশের বেশি। তারপরও মুনাফা প্রায় ৯ শতাংশ কমে গেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে ৪ হাজার ৫৯৮ কোটি টাকার ব্যবসা করতে কোম্পানিটির উৎপাদন খরচ ছিল ২ হাজার ৯৩৬ কোটি টাকার। অর্থাৎ এই ৯ মাসে পণ্য বিক্রির প্রায় ৬৪ শতাংশই কাঁচামাল আমদানিসহ পণ্য উৎপাদনে খরচ হয়েছে। তার আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটি যা আয় করেছিল, তার ৬৩ শতাংশ অর্থ খরচ হয়েছিল পণ্য উৎপাদনে। সেই হিসাবে চলতি অর্থবছরে ওয়ালটনের উৎপাদন খরচ আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১ শতাংশ বেড়েছে।
উৎপাদন খরচের পাশাপাশি বেড়েছে পরিচালন খরচও। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির পরিচালন খরচ বেড়ে দাঁড়িয়েছে ৬৪৬ কোটি টাকায়। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫০৮ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পরিচালন খরচ বেড়েছে ১৩৮ কোটি টাকা। একইভাবে বেড়েছে ঋণের সুদ বাবদ খরচও। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এ খাতে ওয়ালটনের খরচ বেড়ে দাঁড়িয়েছে ৩০৮ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৫০ কোটি টাকা। সেই হিসাবে সুদ বাবদ কোম্পানিটির খরচ এক বছরের ব্যবধানে ৫৮ কোটি টাকা বেড়েছে। এসব কারণে ভালো ব্যবসা করেও মুনাফা কমেছে ওয়ালটনের।



