বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী ইমদাদুল হক। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগের শর্তাবলি
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক রাখা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যান্য শর্ত
এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে এবং এই প্রজ্ঞাপনটি জনস্বার্থে জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।
বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
উল্লেখ্য, বর্তমানে সংস্থাটির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে আছেন শিল্প মন্ত্রণালয়ের রাষ্ট্রায়ত্ত কর্পোরেশন বিভাগের অতিরিক্ত সচিব এম. এ. কামাল বিল্লাহ। গত ২৮ ডিসেম্বর তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। কাজী ইমদাদুল হক নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি স্বাভাবিক দায়িত্বে ফিরে যাবেন।



