ইলন মাস্ক এক্স (সাবেক টুইটার) কেনার পর ঘোষণা দিয়েছিলেন, এটি হবে ‘সবকিছুর অ্যাপ’। সেই পরিকল্পনার অংশ হিসেবে ধীরে ধীরে নানা সুবিধা যুক্ত করছেন তিনি। সম্প্রতি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’ চালু করার পর এবার আর্থিক সেবা ‘এক্স মানি’ আনার উদ্যোগ নিয়েছেন মাস্ক।
এক্স মানি কী?
এক্স মানি এমন একটি সেবা, যা এক্স অ্যাপের ভেতরেই ব্যবহারকারীদের অর্থ লেনদেন ও ব্যাংকিং সুবিধা দেবে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এতে পিয়ার-টু-পিয়ার অর্থ পাঠানোর সুবিধা থাকবে। ব্যবহারকারীরা চ্যাট বা প্রোফাইল থেকে সরাসরি টাকা আদান-প্রদান করতে পারবেন। এটি চীনের উইচ্যাট অ্যাপের মতো কাজ করবে, যেখানে বার্তা, সামাজিক যোগাযোগ ও লেনদেন সবই এক প্ল্যাটফর্মে করা যায়।
মাস্কের অভিজ্ঞতা
অর্থ লেনদেন খাতে ইলন মাস্কের আগে থেকেই অভিজ্ঞতা রয়েছে। তিনি অনলাইন পেমেন্ট সেবা পেপ্যালের শুরুর দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে আর্থিক সেবা একীভূত করতে চান তিনি।
সুবিধাসমূহ
পরীক্ষামূলক ব্যবহারকারীদের তথ্য অনুযায়ী, এক্স মানিতে নির্দিষ্ট লেনদেনে সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক এবং প্রায় ৬ শতাংশ পর্যন্ত সঞ্চয় সুদের সুবিধা থাকতে পারে। সুবিধাটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই সীমিত পরিসরে নির্বাচিত ব্যবহারকারীদের জন্য চালু হতে পারে।



